সাকিব আল হাসান একটি ম্যাচ না খেললেই বোঝা যায়, তিনি বাংলাদেশ দলের কত গুরুত্বপূর্ণ সদস্য। দেশের ক্রিকেটের অনেকেই বলেন, সাকিব হচ্ছেন দুজন খেলোয়াড়ের সমান—সাকিবের গুরুত্ব বোঝাতে এই একটি বাক্যই যথেষ্ট। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত প্রতিটি ম্যাচেই সাকিব নিজের পারফরম্যান্স দিয়ে প্রমাণ করেছেন তিনি দলের জন্য কত বড় সম্পদ। বাংলাদেশের তিন জয়ের প্রতিটিতেই তাঁর দারুণ ভূমিকা। বাংলাদেশ যে ম্যাচগুলো জেতেনি, সেগুলোতেও সাকিব ছিলেন তাঁর মতো করেই। এবারের বিশ্বকাপে সাকিব যেন নতুন করে বুঝিয়েছেন বিশেষজ্ঞ ক্রিকেটারের এ যুগে একটা দলে অলরাউন্ডারের প্রয়োজনীয়তা কতটুকু।

সাকিবের মতো অলরাউন্ডার কেবল যে বাংলাদেশ দলেরই নয়, যেকোনো দলের জন্যই অমূল, সেটি বলেছেন সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান ফাস্ট বোলার ও বর্তমানের ধারাভাষ্যকার ইয়ান বিশপ, ‘প্রতিটি দলই একজন সাকিব আল হাসানকে চায়। কিন্তু সাকিবের মতো অলরাউন্ডাররা গাছ থেকে পড়ে না।’

বাংলাদেশ দলে সাকিবের যে অবদান, সেটি অর্থমূল্যে কেনা সম্ভব নয় বলেও মনে করেন বিশপ, ‘সাকিবের মতো অলরাউন্ডারদের টাকা দিয়ে কেনা যায় না। আপনি দোকানে গিয়েই একজন সাকিবকে কিনে আনতে পারবেন না। প্রতিটি দলই বিশেষজ্ঞদের কেন্দ্র করে গড়ে ওঠে কিন্তু দলে অলরাউন্ডারদের জায়গা সব সময়ই অন্য রকম।’

সাকিবের জায়গাটা যে অন্য রকম, সেটি বাংলাদেশের চেয়ে আর ভালো কোন দল বোঝে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *