তারা ১২ জন শিক্ষার্থী। ঢাকার ধানমন্ডির আইডিয়াল কলেজের একাদশ শ্রেণিতে পড়ে। আজ শনিবার সকালে দেরি করায় কলেজে তাদের ঢুকতে দেওয়া হয়নি। প্রবেশ দ্বার থেকেই ফেরত পাঠানো হয়। হঠাৎ করে একজন বলে ওঠে, কলেজের এই সময়টা বেড়াতে গেলে কেমন হয়! সবাই রাজি। ছুটল সাভারের বন্ধু আকাশের সঙ্গে তার বাড়ির উদ্দেশে। সাভার গিয়ে নদীতে নেমে গোসলে মেতে উঠল তারা। আর তখনই স্রোতের টানে ভেসে গেল তিনজন। এখনো নিখোঁজ তারা।

ঢাকার অদূরে সাভারের পশ্চিম ব্যাংক কলোনি এলাকায় ধলেশ্বরী নদীর শাখায় গোসল করতে নেমে ধানমন্ডির আইডিয়াল কলেজের তিন শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। বেলা সাড়ে ১১ টার দিকে ঘটে এ ঘটনা। নদীতে নিখোঁজ তিন শিক্ষার্থীর খোঁজে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা উপস্থিত হয়েছে। তবে বেলা দুইটা পর্যন্ত ডুবুরি দল না পৌঁছানোয় উদ্ধার অভিযান শুরু করা যায়নি।
নিখোঁজ তিন শিক্ষার্থী হলো সাভারের পশ্চিম ব্যাংক কলোনির আকাশ, ঢাকার আগারগাঁওয়ে ষাট ফুট এলাকার মেহেদি ও তালতলার রাজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *