সাত বছর ধরে বলিউডে চেষ্টা করার পরেও কোনো ছবিতে কাজ না পেয়ে আত্মহত্যা করেছেন পার্ল পাঞ্জাবি নামের এক মডেল-অভিনেত্রী।

বৃহস্পতিবার মধ্যরাতে মুম্বাইয়ের ওশিওয়ারায় নিজের ফ্ল্যাটের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন তিনি। পুলিশ জানায়, মায়ের সঙ্গে ঝগড়ার পরেই আত্মহত্যা করেন পার্ল। এর আগেও দুইবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন ২২ বছর বয়সী এই অভিনেত্রী। পার্লের ঘনিষ্ঠরা বলেন, সিনেমায় নায়িকা হওয়ার ইচ্ছায় হাতেখড়ি হিসেবে ছোট থেকেই মডেলিং করতেন পার্ল। গত সাত বছর ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিও ছোট-বড় সব রকমের প্রযোজক-পরিচালকদের সঙ্গে নিয়মিত দেখা করতে যেতেন ওই তরুণী। অডিশনও দিতেন প্রচুর। কিন্তু কোথাও ভালো কাজের সুযোগ পাচ্ছিলেন না।

তাদের অভিযোগ, নায়িকা বানানোর আশ্বাস দিয়ে কয়েকজন তার সঙ্গে অশালীন আচরণও করেছেন। কুপ্রস্তাবও দিতেন। পার্ল কাজ পেতে এতটাই মরিয়া ছিলেন যে শেষের দিকে বিপদ বুঝেও নানা পরিচালকের ডাকে রাতের শুটিং ফ্লোরে হাজির হয়ে যেতেন। তবে সম্প্রতি এসব কিছু থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছিলেন পার্ল। বন্ধুদের দাবি, এক মডেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর আরও মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েন তিনি। মুম্বাই পুলিশের এক অফিসার বলেন, রুপালি পর্দায় মুখ দেখানোর নেশায় পার্ল খুব মরিয়া ছিলেন। কিন্তু এরই মধ্যে আর্থিকভাবে দুর্বলও হয়ে পড়ছিলেন তিনি। নানা কারণে মায়ের সঙ্গে দুর্ব্যবহার করতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *