ভারতের আসাম রাজ্যের চূড়ান্ত নাগরিক তালিকা (এনআরসি) থেকে ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জনের নাম পড়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আসামের বাঙালিদের অন্যতম মুখ, আসাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য তপোধীর ভট্টাচার্য।

শনিবার এনআরসি প্রকাশের পর তিনি বলেন, ‘একটা বিশেষ ভাষাগোষ্ঠীর ১৯ লাখ মানুষই যদি বাদ পড়ে যায়, তাহলে আর থাকল কারা?’

তিনি বলেন, ‘যে জাতিবিদ্বেষ সংবিধানিক রীতির উপরে চলে যায়, গণতান্ত্রিক রীতির উপরে চলে যায়, এটা তো তারই জয় হল। এটা তো অন্ধকারের জয়। আমরা লড়াই করে যাচ্ছি। লড়াইটা কয়েক দশক ধরেই চলবে।’

আসামের নাগরিক তালিকা থেকে যারা বাদ পড়েছেন তারা ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। এছাড়া হাইকোর্ট-সুপ্রিম কোর্টেও যেতে পারবেন তারা। তবে সরকারের পক্ষ থেকে ট্রাইব্যুনালের কথা বলা হলেও এতে মানুষ আদৌ উপকার পাবেন কি-না তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তপোধীর ভট্টাচার্য।

তিনি বলেন, ‘এটা বাঙালি হওয়ার অপরাধে করা হয়েছে। জাতিবিদ্বেষের জয়। এই লড়াই বাঙালির একার লড়াই নয়। এটা সবার লড়াই।’

তপোধীর ভট্টাচার্য বলেন, ‘আজ যেটা বাঙালির বিরুদ্ধে হচ্ছে, আগামী দিনে সমগ্র জাতির বিরুদ্ধে হবে। এখন থেকেই সেটা সকলের বোঝা উচিৎ।ভারতবর্ষের ভয়ানক বড় দুর্দিন আসতে চলেছে।’

প্রসঙ্গত, ভারতের সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে শনিবার আসামের জাতীয় নাগরিক তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তালিকায় আসামের ৩ কোটি ১১ লাখ ২১ হাজার ৪ জনের নাম আছে। তালিকা থেকে বাদ পড়েছে ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জনের নাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *