উইকেটবিহীন একটি দিন কাটল বাংলাদেশের বোলারদের। অথচ, টসে জিতে অধিনায়ক মুশফিকুর রহিম কিনা নিয়েছিলেন ফিল্ডিং! প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের করা ৩ উইকেটে ২৬৪ রানের সঙ্গে আজ দ্বিতীয় দিন শেষে যোগ হয়েছে আরও ১৪৩ রান। বৃষ্টি ও ভেজা আউটফিল্ড দিনের বেশ কিছু সময় নষ্ট করে ফেললেও নষ্ট করতে পারেনি উইন্ডিজ ব্যাটসম্যানদের মনোসংযোগ। বিশেষ করে ক্রেইগ ব্রাফেট ও শিবনারায়ণ চন্দরপলের। গতকাল সারাটা দিন ব্যাট করে ১২৩ রানে অপরাজিত ছিলেন ক্রেইগ ব্রাফেট। আজও গোটা দিন বাংলাদেশের বোলারদের নাকের পানি, চোখের পানি একাকার করে এই বার্বাডিয়ান পূরণ করলেন ক্যারিয়ারের প্রথম দ্বিশতকটি। তাঁর অপরাজিত ২০৫ ও চন্দরপলের হার না-মানা ৫১ রানের সুবাদে ক্যারিবীয়রা স্কোরবোর্ডে তুলেছে ৪০৭। উইকেটের কলাম অপরিবর্তিত। সেই ৩-ই। বাংলাদেশের বোলাররা যেন কোনোমতে দিনটি পার করতেই মাঠে নেমেছিলেন। গোটা দিনে একটি বলও ছোবল দিল না ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যানদের। নখ-দন্তহীন বোলিং পেয়ে চন্দরপল-ব্রাফেটরাও ঝুঁকিটুকি নিতে গেলেন না। কী দরকার ঝুঁকি নেওয়ার, যেখানে বোলিং কোনো সমস্যা তৈরি করছে না, সেখানে বড় ইনিংস খেলার এ-ই তো সুযোগ। উইন্ডিজ ব্যাটসম্যানদের ঝুঁকি না নেওয়ার প্রবণতায় তেমন রানও এল না পুরো দিনে। বৃষ্টির ক্ষতি বাদ দিয়ে গোটা দিনে ৫৬ ওভার খেলা হলো, রান উঠল দেড় শয়েরও কম! ওয়েস্ট ইন্ডিজের পতন ঘটা ৩টি উইকেটই নিয়েছেন দুই অভিষিক্ত—শুভাগত হোম চৌধুরী ও তাইজুল ইসলাম। সেটা টেস্টের প্রথম দিনের ঘটনা। দ্বিতীয় দিনে আল-আমিন হোসেন, রুবেল হোসেন, মাহমুদউল্লাহ, তাইজুল, শুভাগত হোম, মুমিনুল, নাসির—এই সাত বোলারের মিলিত প্রচেষ্টায় কিছুই মিলল না বাংলাদেশ দলের। রানপাহাড়ে চাপা পড়ার ভবিতব্য মাথায় নিয়েই মুশফিকুর রহিমরা কাল শুরু করবেন তৃতীয় দিন। বাকি ৭ উইকেটে ওয়েস্ট ইন্ডিজ নিজেদের প্রথম ইনিংসকে কোথায় নিয়ে ঠেকাবে, কে জানে! Post navigation পাকিস্তানের বিপক্ষে অনিশ্চিত ক্লার্ক অভিষেকেই তাইজুলের চমক