মেক্সিকোতে নিখোঁজ ৪৩ জন শিক্ষার্থীকে হত্যা করে তাদের লাশ পোড়ানো হয় বলে স্বীকারোক্তি দিয়েছে সন্দেহভাজন ব্যক্তিরা। আটক সন্দেহভাজন ব্যক্তিদের দেওয়া তথ্যের বরাত দিয়ে অ্যাটর্নি জেনারেল গতকাল শুক্রবার এ কথা জানান।
আজ শনিবার বার্তা সংস্থা এএফপির এক খবরে জানানো হয়, দগ্ধ দেহাবশেষ থেকে লাশ শনাক্ত করা কঠিন হবে বলে মত দিয়েছেন অ্যাটর্নি জেনারেল জেসাস মুরিলো কারাম। ডিএনএ পরীক্ষায় তাদের পরিচয় পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত কর্তৃপক্ষ লাশগুলোকে নিখোঁজ শিক্ষার্থীদের বলে বিবেচনা করবে।
মেক্সিকোর দক্ষিণাঞ্চলের নগর ইগুয়ালাতে গত ২৬ সেপ্টেম্বর শিক্ষার্থীদের বহনকারী বাসে পুলিশের হামলার পর থেকে ওই ৪৩ জন শিক্ষার্থীকে কর্তৃপক্ষ সন্ধান করছে।
তিনজন সন্দেহভাজনের বরাত দিয়ে মুরিলো কারাম বলেন, ওই সন্দেহভাজনদের কাছে হস্তান্তরের পর ওই শিক্ষার্থীদের হত্যা করা হয়। এরপর গ্যাসোলিন, টায়ার, কাঠ ও প্লাস্টিক দিয়ে পোড়ানো হয়। প্রায় ১৪ ঘণ্টা ধরে এসব লাশ পোড়ানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *