পেশোয়ারের মতো সন্ত্রাসী হামলার ঘটনা ঘটলে শিক্ষার্থীরা যাতে পালিয়ে জীবন বাঁচাতে পারে সে জন্য সব রাজ্যের স্কুল-কলেজে বিকল্প বহির্গমন পথ তৈরির প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।

আজ বুধবার এনডিটিভির খবরে জানানো হয়, গতকাল পাকিস্তানের পেশোয়ারের স্কুলে তালেবান জঙ্গিদের হামলায় ১৩২ শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা নিতে আজ ভারত সরকার এ ঘোষণা দিল।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আজ পার্লামেন্ট ভবনের বাইরে সাংবাদিকদের বলেন, এ বিষয়ে রাজ্য সরকারগুলোকে একটি নির্দেশনা পাঠানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সন্ত্রাসী হামলার ঘটনা ঘটলে, জিম্মি পরিস্থিতির সৃষ্টি হলে কী কী করতে হবে, কীভাবে অ্যালার্ম বাজাতে হবে, জরুরি পরিস্থিতিতে মূল ফটক ও দরজা বন্ধ করতে হবে—এসব বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্কুল-কলেজে নির্দেশনা পাঠানো হয়েছে।

দেশটির সরকারি কর্মকর্তারা জানান, দিল্লি ও মুম্বাইসহ বিভিন্ন রাজ্যের কয়েকটি শীর্ষ ও আবাসিক স্কুলকে আলাদাভাবে বিশেষ নির্দেশনা দেওয়া হবে। স্থানীয় পুলিশ ও প্রশাসনের মাধ্যমে তাদের নিরাপত্তামূলক প্রশিক্ষণ দেওয়া হবে।

post by আশিকুর রহমান চৌধুরী স্বদেশ নিউজ২৪.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *