ইসলামিক স্টেটের (আইএস) হয়ে লড়াই করতে সিরিয়ার উদ্দেশে যাত্রা করা এক কিশোরীকে গ্রেফতার করেছে মালয়েশিয়া। কুয়ালালামপুর বিমানবন্দরে গ্রেফতার হওয়া ওই কিশোরীর বয়স মাত্র ১৪ বছর। এক প্রতিবেদনে বৃহস্পতিবার এ খবর দিয়েছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)। খবরে বলা হয়েছে, কুয়ালালামপুর থেকে কায়রোগামী ফ্লাইটে ওঠার আগে ওই কিশোরীকে গ্রেফতার করা হয়। কিশোরীর বাড়ি মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলের শহর মুয়ারে। কুয়ালালামপুরের আইজিপি খালিদ আবু বকর বুধবার জানিয়েছেন, সন্ত্রাসবিরোধী গোয়েন্দা বিভাগের সদস্যরা ওই কিশোরীকে মঙ্গলবার গ্রেফতার করেন। পরিবারকে না জানিয়ে কায়রো যাচ্ছিল কিশোরী। এর আগে পরিবার থেকে কায়রো যাওয়ার ব্যাপারে বারণ করায় আত্মহত্যার হুমকি দিয়েছিল সে। আইজিপি খালিদ আবু বকর বলেন, কায়রোয় আল আজহার ইউনিভার্সিটির ২২ বছর বয়সী এক শিক্ষার্থীকে বিয়ে করার পরিকল্পনা ছিল ওই কিশোরীর। বিয়ের পর তাদের তুরস্কের ইস্তাম্বুল যাওয়ার কথা। সেখান থেকে সীমান্ত পেরিয়ে সিরিয়ায় আইএসে যোগ দেওয়ার পরিকল্পনা ছিল তাদের। আবু বকর বলেন, আমরা মালয়েশিয়াকে সন্ত্রাসীদের গোপন আস্তানা কিংবা প্রশিক্ষণভূমি হতে দিতে পারি না। যে কেউ ওই গ্রুপের সমর্থন দেবে কিংবা যে কোনো সন্ত্রাসীর পক্ষে সাফাই গাইবে, তাকেই গ্রেফতার করা হবে। আইএস-চক্রের সঙ্গে জড়িত সন্দেহে ২০১৩ সালের ফেব্রুয়ারি থেকে এ নিয়ে ৬৮ জনকে গ্রেফতার করল মালয়েশিয়া। – Post navigation জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প : সুনামি সতর্কতা মশার কামড়ে সোয়াইন ফ্লু হয় : মমতা