উচ্চপ্রযুক্তির মোটরসাইকেলটি তৈরি হবে মাত্র ৫০টি
উচ্চপ্রযুক্তির মোটরসাইকেলটি তৈরি হবে মাত্র ৫০টি

রীতিমতো ভবিষ্যৎমুখী আদলের এক চোখধাঁধানো মোটরসাইকেল তৈরি করেছে সুইজারল্যান্ডের কোম্পানি ফিলাইন মোটরসাইকেলস। ‘ফিলাইন ওয়ান’ নামের এই উচ্চপ্রযুক্তির মোটরসাইকেলটি তৈরি হবে মাত্র ৫০টি। এ কারণে এর দামও হবে আকাশছোঁয়া—২ লাখ ৮০ হাজার মার্কিন ডলার বা ২ কোটি ১৮ লাখ টাকা! খবর এনডিটিভির।
বিশ্বের এযাবৎকালের সবচেয়ে দামি মোটরসাইকেল ফিলাইন ওয়ানের নকশা করেছে বিখ্যাত নকশাকারী প্রতিষ্ঠান ইয়াকুবা। মোটরসাইকেলটি তৈরি হয়েছে কার্বন, টাইটানিয়াম, আকাশযান নির্মাণে ব্যবহৃত অ্যালুমিনিয়াম আর উন্নত মানের চামড়াজাত দ্রব্যের মতো সেরা সব উপাদান দিয়ে।
ফিলাইন মোটরসাইকেলস জানিয়েছে, চার বছরের গবেষণার ফসল এই ফিলাইন ওয়ান। মোটরসাইকেলটির নকশা ও প্রযুক্তির মধ্যে রয়েছে অভিনবত্বের ছোঁয়া।
নকশাকারী প্রতিষ্ঠান ইয়াকুবা বলছে, ‘ফিলাইন একটি মোটরসাইকেলের চেয়েও বেশি কিছু। যেসব শৌখিন ক্রেতা অভিনব ও অনন্য কিছু খোঁজেন, এটি তাঁদের জন্য অত্যাধুনিকতা ও উচ্চপ্রযুক্তির এক সমন্বয়।’
৮০১ সিসির এ মোটরসাইকেলটিতে রয়েছে তিন সিলিন্ডারের ইঞ্জিন। রয়েছে ছয় স্পিড গিয়ারবক্স। যেসব বৈশিষ্ট্যের কারণে মোটরসাইকেলটিতে চড়া খুবই সহজ ও স্বাচ্ছন্দ্যের হবে, তার মধ্যে রয়েছে—এর উন্নত মানের কাঠামো, অত্যন্ত হালকা ওজন (মাত্র ১৫৫ কেজি)। এ ছাড়া এটির সামনের চাকায় রয়েছে অনন্য ‘অ্যান্টি-ডাইভ ফর্ক’। এই বিশেষ ব্যবস্থাটি থাকায় হঠাৎ জোরে ব্রেক করলেও মোটরসাইকেলটি সামনের দিকে ঝাঁপ দেবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *