b30b26704978d7a025d05adfdd856f21-Pappu

চলে গেলেন দর্শকপ্রিয় কৌতুকাভিনেতা রাশেদ রানা পাপ্পু। (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর। আজ সোমবার ভোরে সেহরি খাওয়ার পরপরই হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি রাজধানীর লালবাগে নিজ বাসায় ইন্তেকাল করেন। পাপ্পুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছোট মামা মো. জাভেদ।
আজ সোমবার বাদ জোহর রাজধানীর লালবাগের কাজী দেওয়ান তালগাছ ওয়ালা মসজিদে নামাজে জানাজার পর তাঁকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয় বলে জানান জাভেদ। তিনি এও জানান, চার মাস আগে হার্টের সমস্যা জনিত কারণে বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন পাপ্পু। সম্প্রতি তাঁর শারীরিক অসুস্থতার কারণে নিয়মিত শো করতে পারতেন না।
বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ‘শুভেচ্ছা’য় অংশ নিয়ে সবার কাছে পরিচিতি পান পাপ্পু। এই ম্যাগাজিন অনুষ্ঠানের উপস্থাপক আব্দুন নূর তুষার বলেন, ‘পাপ্পু অনেক শক্তিশালী একজন অভিনেতা। কোনো বিষয় একবার বুঝিয়ে দিলেই সে খুব দ্রুত তা আয়ত্ত করে নিতে পারত। তা ছাড়া খুব সহজে অন্যকে অনুকরণও করতে পারত। তার মৃত্যুর খবরটা শুনে খুব খারাপ লাগল।’
মৃত্যুকালে পাপ্পু স্ত্রী নিপা ও এক সন্তান আবিরকে রেখে গেছেন। তাঁর অকাল মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে শোক নেমে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *