ব্রাজিল থেকে আমদানি করা গম নিয়ে সমালোচনার মুখেই খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ বললেন মন্ত্রণালয় ও মন্ত্রী এক্ষেত্রে দায় এড়াতে পারেন না। আজ মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির এক বৈঠক শেষে তিনি এ কথা বলেন। এর আগে আজই সংসদে এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ‘ব্রাজিল থেকে গম আমদানির বিষয়ে মন্ত্রণালয় কিছু জানে না। গম আমদানি করে খাদ্য অধিদপ্তর। এখানে মন্ত্রণালয়ের কিছুই করার নেই। আসলেই ব্রাজিলের গম দেখতে খারাপ। তবে গুণগত মান ভালো।’ সংসদের মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে আবদুল ওয়াদুদ বলেন, বৈঠকের আলোচ্যসূচিতে না থাকলেও ব্রাজিল থেকে গম আমদানির বিষয়টি আলোচনায় চলে আসে। আমরা জানতে চেয়েছি, এ রকম আলোচনা হচ্ছে কেন? মন্ত্রণালয়ের যুক্তি আমাদের কাছে যৌক্তিক মনে হয়েছে। লাল রঙের গম এ দেশের মানুষ একটু কম পছন্দ করে। সাদা রঙের গম বেশি পছন্দ করে। এটিও সমালোচনার কারণ হতে পারে। তবে গমের মান ঠিক আছে। আবদুল ওয়াদুদ বলেন, খবরের কাগজগুলো বেশি করে মন্ত্রীকে জড়াচ্ছে। কারণ অধিদপ্তর তো মন্ত্রণালয়েরই অধীনে। তাই মন্ত্রী ও মন্ত্রণালয় গম আমদানির দায় এড়াতে পারেন না। তবে সার্বিক দায় অধিদপ্তরের ওপর বেশি বর্তায়। আবদুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, খন্দকার আবদুল বাতেন, আবদুল মালেক, শেখ মো. নুরুল হক, শিরীন নাইম প্রমুখ অংশ নেন। Post navigation প্রধানমন্ত্রী কাঁদলেন কাঁদালেন স্বদেশ প্রত্যাবর্তন দিবসে গণভবনে সংবর্ধনা লন্ডন যাচ্ছেন আশরাফ!