safe_imageম্যাচের আগে নামিবিয়া হুমকিই দিচ্ছিল। আগের দুই ম্যাচ জেতায় বাংলাদেশকেও হারানোর স্বপ্ন দেখছিল আইসিসির সহযোগী দেশটি। তাদের কোচ তো বাংলাদেশকে ফেবারিট মানতেই নারাজ ছিলেন। অবশ্য বাংলাদেশ যুবারা এসব কথা কানেই তোলেনি। মাঠেও প্রমাণ মিললো বাংলাদেশের সাথে নামিবিয়ার ব্যবধানের।

বাংলাদেশের কাছ থেকে নতুন করে বাস্তবতাই শিখলো নামিবিয়া। আর সেই বাস্তবতা যেন হুশ ফেরালো প্রথমবারের মতো যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠা নামিবিয়ার। লড়াইয়ের হুশিয়ারি দিয়ে রেখে মাত্র ৬৫ রানেই অলআউট তারা। বাংলাদেশ যুবারা হেসেখেলেই তুলে নিয়েছে আট উইকেটের বড় জয়।

মিলেছে গ্রুপ চ্যাম্পিয়নের খেতাব। এতো বড় জয়ের দিনে ব্যক্তিগত সাফল্যের দেখাও মিলেছে। ২ উইকেট নিয়ে বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ দখল করে নিয়েছেন যুব ওয়ানডের সর্বোচ্চ উইকেট শিকারির আসন। ৫৩ ম্যাচে ৭৪ উইকেট শিকারি মিরাজ পেছনে ফেলেছেন পাকিস্তানের ইমাদ ওয়াসিমকে (৭৩ উইকেট)।

তৃপ্তির ঢেকুরই তুলছেন বাংলাদেশ যুবা অধিনায়ক। তবে ভালো লাগা এখানেই শেষ করছেন না। আরো দূরে দৃষ্টি দিচ্ছেন মিরাজ, ‘অধিনায়ক হিসেবে আমার খুব ভালা লাগছে। আমরা জিতেছি, আমার রেকর্ডটাও হলো। আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হলাম। সব মিলিয়ে খুব ভালো লাগছে। তবে ভালো লাগাটা এখানেই শেষ করলে হবে না। আমাদের আরও অনেক দূর যেতে হবে। ভালো লাগা এখানেই থামলে আমরা বেশি দূর যেতে পারবো না। লক্ষ্য পূরণ করতে পারব না।’

ব্যাট হাতে নাজমুল হোসেন শান্ত যখর রেকর্ড গড়েছিলেন তখন নাকি মিরাজই বেশি আবেগাপ্লুত ছিলেন। মিরাজের বেলাতেও তাই হলো। শান্তই নাকি বেশি এক্সাইটেড ছিলেন, ‘আমার কাছে ভালো লেগেছে। শেষ উইকেটটি যখন পাই দলের সবাই আমাকে এসে জড়িয়ে ধরেছে। অভিনন্দন জানিয়েছে। সবাই বলেছে ভালো রেকর্ড করেছিস, বিশেষ করে শান্ত অনেক এক্সাইটেড ছিল। সবাই খুবই খুশি।’

জয় সব সময়ই আত্মবিশ্বাস বাড়ায়। বিশেষ করে এমন সব দলের বিপক্ষে। মিরাজ বলছেন, ‘অবশ্যই আমাদের আত্মবিশ্বাস বাড়বে। এইসব দলের সঙ্গে ভালো করতে না পারলে আমাদের আত্মবিশ্বাস হয়তো কমে যেতে পারতো। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় সামনে এখন নেপালকে পাব আমরা। এইসব দলের বিপক্ষেই আমাদের বেশি সাবধান থাকতে হবে। কারণ এই দলগুলির বিপক্ষেই দূর্ঘটনা বেশি হয়।’

শেষ আটে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। নেপালের খেলা ইতিমধ্যেই দেখে নিয়েছেন মিরাজরা। সেরাটা দিতে পারলে নেপাল বাঁধা হতে পারবে না বলেই বিশ্বাস ডানহাতি এই অলরাউন্ডারের, ‘ভারতের বিপক্ষে নেপালের ম্যাচটি আমরা দেখেছি। আমরা আমাদের সেরাটা খেলতে পারলে নেপাল ভাল কিছু করতে পারবে বলে মনে হয় না। আমরা আমাদের লেভেল, আমাদের স্ট্যান্ডার্ড জানি। জানি আমরা কতটা ওপরে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *