নিউজিল্যান্ডকে সহজেই হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্লেট ফাইনালে পৌঁছেছে আফগানিস্তান। প্রায় একপেশে লড়াইয়ে ৮ উইকেটে জিতেছে আইসিসির সহযোগী দেশটি।

মঙ্গলবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম মাঠে টস জিতে ব্যাট করতে নেমে আফগান বোলারদের কাছে রীতিমত নাকানি চুবানি খেয়েছে নিউজিল্যান্ড। নিয়মিত বিরতিতে উইকেট হারানো দলটি ৪৪ ওভার ৫ বলে মাত্র ১৩৫ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন আট নম্বর ব্যাটসম্যান অনিকেত পারিখ। তার দৃঢ়তায় দেড়শ’ রানের কাছাকাছি যায় নিউজিল্যান্ডের সংগ্রহ। এছাড়া জশ ক্লার্কসন ২৫ ও নাথান স্মিথ ২৩ রান করেন।

আফগানিস্তানের রশিদ খান ও শামসুর রহমান তিনটি করে উইকেট নেন। এছাড়াও জিয়াউর রহমান ও তারিক স্তানিকজাই নিয়েছেন দু’টি করে উইকেট।

জবাবে ১৩৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৭ ওভার ৩ বলে দুই উইকেট হারিয়ে জয়ের দেখা পায় আফগানিস্তান। সর্বোচ্চ ৫০ রান করে অপরাজিত থাকেন তারিক স্তানিকজাই। অধিনায়ক ইহসান উল্লাহ খেলেন ৪৭ রানের আরেকটি চমৎকার ইনিংস।

দুই উইকেটের সাথে ও ৫০ রানে অপরাজিত থাকা তারিক স্তানিকজাই জিতেছেন ম্যাচ সেরার পুরষ্কার।

আগামী শুক্রবার প্লেট ফাইনালে জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে আফগানিস্তান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *