ময়মনসিংহের ফুলবাড়ীয়া কলেজ সরকারিকরণের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে দুজন নিহতের ঘটনায় অজ্ঞাতপরিচয় ৫০০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে রোববার রাতে ফুলবাড়ীয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রফিক বাদী হয়ে মামলাটি করেছেন।

সোমবার ফুলবাড়ীয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজিব এ তথ্য নিশ্চিত করেছেন।

ফুলবাড়ীয়া কলেজ সরকারিকরণের দাবিতে রোববার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে মারা যান ওই কলেজের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ ও মাছ-বিক্রেতা সফর আলী।

অধ্যাপক আবুল কালামের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মামলা করা হয়নি। তবে সফর আলীর ভাই হযরত আলী বাদী হয়ে রোববার রাতে অপমৃত্যুর মামলা করেছেন।

এদিকে, ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌরসভায় সোমবার সকাল ৯টা থেকে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লীরা তরফদার জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ নির্দেশনা বলবৎ থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *