প্রায় ২১ লাখ টাকার সুপারি ও তেঁতুল নিলামে বিক্রি করা হলো মাত্র দেড় লাখ টাকায়। গতকাল রবিবার রৌমারী বিজিবি সদর কম্পানি ক্যাম্পে ওই নিলাম কার্যক্রমে ১১ টন তেঁতুল ও ৩৪৭ কেজি সুপারি (কাচা) মাত্র দেড় লাখ টাকায় বিক্রি করায় এলাকার জনমনে সমালোচনার ঝড় উঠে। অভিযোগ উঠেছে প্রকাশ্যে নিলামে ৪২ জন ব্যবসায়ীর অংশগ্রহণ দেখালেও বাস্তবে ছিল ভিন্ন চিত্র। অংশ গ্রহণকারী ব্যবসায়ীদের দর ডাকার সুযোগ না দিয়ে রহস্যজনক কারণে ফরিজল হক নামের এক ব্যবসায়ীর নামে মাত্র এক লাখ ৬০ হাজার টাকায় নিলামে বিক্রির ঘোষণা দেওয়া হয়। এ সময় অংশ গ্রহণকারী ব্যবসায়ীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। জানা গেছে, সরকারি নিয়ম অনুসারে কাস্টমস অফিসে নিলামে বিক্রিকৃত পণ্য সামগ্রীর উপস্থিতিতে প্রকাশ্যে নিলাম হওয়ার কথা। কিন্তু এখানে তা হয়নি। গত শুক্রবার রাজীবপুরের বালিয়ামারী বিজিবি ক্যাম্পের জোয়ানরা বর্ডার হাটের কাছ থেকে ওইসব তেঁতুল ও সুপারি আটক করে। আটকের পর তা কাস্টমস অফিসে জমা দেওয়ার নিয়ম থাকলেও বিজিবি জোয়ানরা তা জমা করেননি। তবে কাস্টম অফিসে কাগজে কলমে জমা দেখিয়ে যার মূল্য দেখানো হয়েছে ২১ লাখ টাকা। অভিযোগ রয়েছে, বিজিবি ও কাস্টমস কর্মকর্তা গোপনে ক্রয়কৃত ব্যবসায়ীর সঙ্গে গোপন আঁতাত করে লোক দেখানো নিলামে ২১ লাখ টাকার পণ্য মাত্র দেড় লাখ টাকায় বিক্রি করে। এতে বিজিবি জোয়ান ও কাস্টম কর্মকর্তারা সুবিধা নিয়ে সরকারের রাজস্ব ফাঁকি দিয়েছে। ওই নিলাম কার্যক্রমে উপস্থিত ছিলেন রৌমারী কাস্টমস কর্মকর্তা সিদ্দিকুর রহমান, বিজিবি কম্পানি কমান্ডার আব্দুল আজিজ এবং ইউএনওর প্রতিনিধি হিসেবে যুব উন্নয়ন কর্মকর্তা আহসান হাবিব। তবে এ অভিযোগ অস্বীকার করে কাস্টমস কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, ‘আমি ওই নিলাম কার্যক্রমের সব কিছু জানি না। আমাকে ডাকা হয়েছে। গিয়ে দেখি নিলাম কার্যক্রম।’ এ সময় তিনি কাস্টমস অফিসে ওইসব পণ্য সামগ্রীর আনুমানিক মূল্য ২১ লাখ টাকা দেখানোর কথা এবং এক লাখ ৬০ হাজার টাকায় নিলামে তা বিক্রির কথা স্বীকার করেন। অন্যদিকে গোপন আঁতাতের বিষয়টি রৌমারী সদর কম্পানি ক্যাম্পের কমান্ডার আব্দুল আজিজ ও বালিয়ামারী কম্পানি কমান্ডার মনিরুজ্জামানের কাছে জানতে চাইলে তাঁরা দুজনেই অস্বীকার করেন। উল্লেখ্য, রাজীবপুর উপজেলার বর্ডারহাট থেকে ক্রয় করা ওই সব তেঁতুল ও সুপারি গত ৯ মে সীমান্ত এলাকা থেকে আটক করেন বালিয়ামারী বিজিবি ক্যাম্পের জোয়ানরা। কা/ক Post navigation সাতদিন পর কাপাসিয়ায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার ফুলবাড়িয়া শিক্ষকের নির্মমতায় শিক্ষার্থী হাসপাতালে