সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউর ‘রাজধানী স্কুল’ মাঠসহ ২৪টি স্থানে দুস্থদের মাঝে খাবার বিতরণ করছেন বিএনপি চেয়াপারসন খালেদা জিয়া। শুক্রবার বেলা সাড়ে ১১টার কিছু পর রাজধানীর চন্দ্রিমা উদ্যানস্থ জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মানিক মিয়া অ্যাভিনিউর রাজধানী স্কুল মাঠ থেকে এ খাবার বিতরণ শুরু করেন তিনি। পরে ক্রমান্বয়ে মোহাম্মদপুরের টাউন হল, শহীদ পার্ক মাঠ, ধানমণ্ডির মেডিনোভা হাসপাতাল ও কলাবাগানের কুপার্স সংলগ্ন প্রাঙ্গণে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন বিএনপি চেয়ারপারসন। এর পর তিনি পল্টন কমিউনিটি সেন্টারে খাবার বিতরণ শেষ করে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় চলে আসেন। সেখানে জুম্মার নামাজের আগ পর্যন্ত কার্যালয়ের সামনে জিয়া মঞ্চে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন। এ সময় সেখানে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাবের বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রমও পরিদর্শন করেন। পরে খালেদা জিয়া নামাজের বিরতিতে যান। তিনি এখন নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের দুতলায় নিজের অফিস কক্ষে অবস্থান করছেন। জুম্মার নামাজের বিরতির পর শান্তিনগর বাজার, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসভবন সংলগ্ন প্রাঙ্গণ, মাহবুব আলী মিলনায়তন, মতিঝিল কলোনি কমিউনিটি সেন্টার, কমলাপুরের আইসিডি টার্মিনাল, সেগুনবাগিচা স্কুল, কচিকাঁচা কমিউনিটি সেন্টার, জাতীয় প্রেসক্লাব, হাইকোর্ট প্রাঙ্গণ, গুলিস্তানের কাপ্তান বাজার শপিং কমপ্লেক্স, নবাবপুরের মদনপাল লেন, ধোলাইখালের লিংক রোড মোড়, ধোলাইখাল মোড়, নয়াবাজার দলীয় কার্যালয়, বংশাল কার্যালয়ের সম্মুখে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে। দলীয় সূত্র জানিয়েছে, শুক্রবার দিনভর খাবার বিতরণ শেষে মাগরিবের নামাজের পর দলের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া, খাবার বিতরণ কর্মসূচি আগামী শনি ও রোববারও চলবে বলে বিএনপি সূত্র জানিয়েছে। Post navigation একরাম হত্যা মামলার আসামি বেলাল ৫ দিনের রিমান্ডে কর্ণেল সাঈদ ও মেজর আরিফের আরো ৭ দিনের রিমান্ড আবেদন