Breaking
Mon. Jul 13th, 2026

শাহিন সুমনের ‘আংটি’তে ববির না !

ববিআগামী এপ্রিলে শুরু হচ্ছে শাহিন সুমন পরিচালিত ত্রিভুজ প্রেমের ছবি ‘আংটি’। ছবিতে অভিনয় করছেন সায়মন ও শিরিন শিলা। ছবির মূল নায়িকার ভুমিকায় জনপ্রিয় নায়িকা ববির অভিনয় করার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি আর এই ছবিতে কাজ করছেন না। শাহিন সুমন বলেন, ‘এই ছবিতেই ববির সাথে আমার প্রথম কাজ ছিল, কিন্তু তাঁর সাথে আমার আংটি বদল আর হলো না।’

কেন ববি এই ছবিতে কাজ করছেন না, সেটাও জানালেন পরিচালক শাহিন সুমন। তিনি বলেন, ‘এই ছবি করতে আগ্রহী ছিলেন ববি, কিন্তু ববি নিজেই এখন চলচ্চিত্র প্রযোজনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। যে কারণে আমার ‘আংটি’ তিনি ফিরিয়ে দিয়েছেন। এখন নতুন নায়িকা কাকে নিব তা এখনো জানি না, তবে আগামী কদিনের মধ্যে ছবির আরেক নায়িকা কে থাকবে তা জানাতে পারব।’

গল্প ও শিল্পী নিয়ে পরিচালক বলেন, ‘আমি সব সময় প্রেমের গল্প নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে চাই। এই ছবিও একটি ত্রিভুজ প্রেমের ছবি। এখানে নায়ক হিসেবে কাজ করছেন সায়মন সাদিক, নতুন শিল্পী যাঁরা অভিনয় দিয়ে দর্শকদের কাছে জায়গা করে নিয়েছেন, সায়মন তাঁদের মধ্যে অন্যতম। এ ছাড়া তাঁর বিপরীতে আছেন নায়িকা শিরিন শিলা। অপর নায়িকার চরিত্রটি অনেক শক্তিশালী। যে চরিত্রটি ববির করার কথা ছিল। এরমধ্যে অনেক মেয়েকেই এই চরিত্রের জন্য দেখেছি। তাদের মধ্য থেকেই একজনকে নেব, কিন্তু কাকে নেব এখনই তা বলতে পারছি না।’

‘আংটি’ ছবিতে কাজ না করা প্রসঙ্গে চিত্রনায়িকা ববি বলেন, ‘শাহিন সুমন বাংলাদেশর অনেক বড় পরিচালক। উনার সাথে কাজ করাটা অনেক সৌভাগ্যের ব্যাপার। আমার ইচ্ছে ছিল উনার ছবিতে কাজ করার। কিন্তু তিনি এপ্রিলে ছবির শুটিং করবেন যখন আমি ‘বিজলী’ ছবি নিয়ে অনেক ব্যস্ত থাকব।

অনেক ইচ্ছে থাকার পরও শাহিন সুমনের ‘আংটি’ ফেরত দিতে হয়েছে। দর্শক জানে, আমি অনেক কম ছবিতে কাজ করি, কিন্তু বেছে কাজ করতে পছন্দ করি। এখন যেহেতু ছবি প্রযোজনা করছি, তাই দায়টা আরো বেড়ে গেল। গল্পটা তৈরি করতেই আমার প্রায় এক বছর সময় লেগেছে। চাইছি যাতে ‘বিজলী’ ছবিতে কোনো দুর্বলতা না থাকে। আমার ধারণা দর্শকদের ভালো একটা ছবি উপহার দিতে পারব।’

নায়িকা ববি চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি এই প্রথমবারের মতো ছবি প্রযোজনা করছেন। ছবির নাম ‘বিজলী’। ছবিটি পরিচালনা করছেন ইফতেখার চৌধুরী। ছবির নায়ক এখনো ঠিক হয়নি বলে জানিয়েছেন ববি। এপ্রিল অথবা মে মাসে এই ছবির কাজ শুরু হওয়ার কথা রয়েছে। এনটিভি

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *