সাদিয়া আফরোজ ,স্বদেশনিউজ২৪ঃআশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়ায় এনার্জি প্যাকের সামনে রয়েছে আশুলিয়া থানার একটি নিয়মিত চেকপোস্ট। ওই চেক পোস্টে যথারীতি আজ রবিবার সকাল থেকে পুলিশ দায়িত্ব পালন করে আসছিল। হঠাৎ গাজীপুরের চন্দ্রার দিক থেকে নবীনগরের দিকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল থামানোর সংকেত দেন চেকপোস্টে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা। এ সময় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিজেদের পুলিশ পরিচয় দিয়ে চেক পোস্ট অতিক্রম করার চেষ্টা চালায়। কিন্তু তাদের কথাবার্তায় অসংলগ্নতা থাকায় সন্দেহ হয় চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যদের। অতপর জিজ্ঞাসাবাদে বের হয়ে আসে থলের বিড়াল। আসলে মোটরসাইকেল আরোহী ওই দুই যুবক কেউই পুলিশের সদস্য নয়। ওই দুই যুবকের একজনের বাবা সাভার মডেল থানার কনস্টেবল। তাই তারা নিজেরাই পুলিশ বনে গেছে এবং নিজেদের পুলিশ পরিচয় দিয়ে চেক পোস্ট অতিক্রম করতে চাচ্ছিলেন। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি ইয়ামাহা হাং (ঢাকা মেট্রো-ল-১৫-০৮-৮১) জব্দ করা হয় এবং তাদের কাছ থেকে পুলিশের ব্যবহৃত হ্যান্ডকাপ, পায়ের লং বুট ও একটি ব্যাগ উদ্ধার করা হয়। আজ দুপুরে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া এনার্জি প্যাকের সামনের চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়। আটক যুবকরা হলো- সাভার মডেল থানার কনস্টেবল মইনুদ্দিনের ছেলে মিনহাজুর ইসলাম (২২) এবং মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার ধরলা গ্রামের নাছিম আহম্মেদের ছেলে শান্ত আহম্মেদ (২১)। আটকের বিষয়টি নিশ্চিত করে ওই চেক পোস্টে দায়িত্বে থাকা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, গাজীপুরের চন্দ্রার দিক থেকে আসা ওই মোটরসাইকেলটির গতিবিধি দেখে তাদের সন্দেহ হয়। তাই চেক পোস্ট এলাকায় আসলে তারা মোটরসাইকেলটি থামানোর সংকেত দেন। এ সময় মোটরসাইকেলে থাকা ওই দুই যুবক নিজেদের পুলিশ পরিচয় দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। তাদের কথাবার্তায় অসঙ্গতি ও মাথার চুল কিছুটা বড় দেখে সন্দেহ হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানান তারা আসলে নিজেরা পুলিশের কোন সদস্য নয়। তাদের মধ্যে একজনের বাবা সাভার মডেল থানার কনস্টেবল। পরে তাদের আটক করে আশুলিয়া থানায় নেওয়া হয়। তিনি আরও জানান, ওই দুই যুবকের দেহ তল্লাশি করে পুলিশের ব্যবহৃত হ্যান্ডকাপ, পায়ের লং বুট ও পুলিশের ব্যাগ পাওয়া যায়। এছাড়া তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *