বেনাপোল প্রতিনিধি, মোস্তাফিজুর রহমান রুবেল : বেনাপোল স্থলবন্দরে
ভারতীয় এক ট্রাক চালককে অস্ত্রের মুখে আমদানি
পণ্য ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
সোমবার (২৯ আগস্ট) ভোরে বেনাপোল বন্দরের ৩১
নম্বর পণ্য গুদামের সামনে এ ঘটনা ঘটে।
ভারতীয় ওই ট্রাক চালক জানান, রোববার (২৮
আগস্ট) বিকেলে ভারতের পেট্রাপোল বন্দর থেকে
তিনি (ডব্লিউ বি-২৫ ই-২৯৯৮) ট্রাকে আমদানি পণ্য
নিয়ে বেনাপোল বন্দরে আসেন। যার
আমদানিকারক ঢাকার রুপালী মেটাল।
রফতানিকারক ভারতের ন্যাশনাল
অ্যালুমিনিয়াম। পণ্য চালানটি খালাসের
অপেক্ষায় তিনি ট্রাক নিয়ে বন্দরে অপেক্ষা
করছিলেন।
সোমবার ভোরে ৪/৫ জন দুর্বৃত্ত তার গলায় ধারালো
অস্ত্র ঠেকিয়ে ৫০ হাজার টাকা মূল্যের
অ্যালুমিনিয়াম পণ্য ট্রাক থেকে উঠিয়ে নিয়ে
যায়। এসময় সেখানে নিরাপত্তাকর্মীরা থাকলেও
কেউ এগিয়ে আসেনি। এনিয়ে তিনি ট্রান্সপোর্ট ও
ইউনিয়নকে অভিযোগ জানাবেন।
আমদানিকারকের প্রতিনিধি সিঅ্যান্ডএফ
প্রতিষ্ঠান মহিউদ্দিন অ্যান্ড সন্সের বর্ডার ম্যান
শাখায়াত হোসেন শাখা
জানান, বন্দরের কয়েকশ’ নিরাপত্তা কর্মী থাকা
সত্ত্বেও প্রায়ই বন্দর থেকে আমদানি পণ্য চুরি
হচ্ছে। কিন্তু এসব ঘটনায় বন্দর কর্তৃপক্ষের কাছে
অভিযোগ দিয়েও কোনো সুফল পাওয়া যায় না।
অভিযোগ আছে, এসব ছিনতাই ও চুরির ঘটনার সঙ্গে
বন্দরের নিরাপত্তা কর্মীদের যোগাযোগ রয়েছে।
এর আগে বেনাপোল বন্দরের পণ্য গুদাম থেকে
আমদানি পণ্য চুরির সঙ্গে জড়িত থাকার
অভিযোগে বন্দর কর্তৃপক্ষ মামলা করেছে বন্দরের
নিরাপত্তা কর্মীদের নামে। কিন্তু ক্ষতির শিকার
আমদানিকারকরা এ পর্যন্ত কেউ ক্ষতিপূরণ পায়নি।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রফিক) নিতাই
চন্দ্র সেন জানান, এ ব্যাপারে
তার কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ
দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
