zakir-naik_28932_1477637609আলোচিত বক্তা জাকির নায়েকের স্বেচ্ছাসেবী সংগঠন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে (আইআরএফ) সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ ঘোষণা করতে চলেছে ভারত।এজন্য দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইআরএফকে বেআইনি কার্যকলাপ রোধ আইন (ইউএপিএ) অনুযায়ী বেআইনি সংগঠন হিসেবে ঘোষণা করতে একটি খসড়া বিল তৈরি করেছে।
এবিপি আনন্দের এক প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় তদন্তে উঠে এসেছে আইআরএফের সঙ্গে জাকির নায়েকের পিস টিভির যোগাযোগের প্রমাণ মিলেছে।
জানা গেছে, মহারাষ্ট্র পুলিশের দেয়া তথ্যের ভিত্তিতে খসড়া বিলে বলা হয়েছে যে, এই স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান জাকির নায়েক বিভিন্ন সময়ে বহু উস্কানিমূলক বক্তৃতা দিয়েছেন।
তরুণদের মৌলবাদে উদ্বুদ্ধ করে তাদের জঙ্গি কার্যকলাপে প্রলুব্ধ করার অভিযোগে ইতিমধ্যেই নায়েকের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছে মহারাষ্ট্র পুলিশ।
শুধু তাই নয়, বিদেশ থেকে প্রাপ্ত আইআরএফের তহবিল থেকে প্রচুর পরিমাণ অর্থ পিস টিভিতে পাঠানোর অভিযোগও উঠেছে জাকিরের বিরুদ্ধে।
সেই টাকা দিয়ে করা অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে জাকিরকে সব মুসলমানকে জঙ্গি হওয়ার আহ্বান জানাতেও দেখা গেছে।
একইসঙ্গে, জাকিরের তত্ত্বাবধানে চলা দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের ওপরও নজর রাখা হয়েছে।
অনুমোদনের জন্য শিগগির ওই খসড়া বিলটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভার সামনে উপস্থাপন করা হবে বলে সূত্রের বরাতে জানিয়েছে এবিপি আনন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *