file-330-600x330

ইতিহাসের শিক্ষা এই যে, ‘ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না’। তাই মীরজাফর’রা নিরাপদে থাকে, উপেক্ষিত হয় অনুগতরা। আওয়ামী লীগের অর্জনের মত ভুলও কম নয়। আসছে নির্বাচন। সবাই ঘর গুছাচ্ছে, বিএনপিও। যদিও নেতৃত্ব ও অন্তঃর্কলহে জর্জরিত। সেক্ষেত্রে আওয়ামী লীগ কি প্রস্তুত? কারা ভূমিকা রাখবে, ত্যাগী তৃণমূল নাকি অনুপ্রবেশকারি  জামাত-শিবির?

 

মাননীয়া প্রধানমন্ত্রী তাঁর বিশাল কর্মীবাহিনীকে ভোটারের মন জয় করার নির্দেশ দিয়েছেন, অতি উত্তম। এই কর্মীরা কি সত্যিই চায় যে, আওয়ামী লীগ আবারো ক্ষমতায় আসুক? ভিন্নভাবে বললে বর্তমান কর্মীবাহিনীর সব সদস্যের আদর্শ কি আওয়ামী লীগের আদর্শ? বঙ্গবন্ধুর আদর্শ? তা হলে গত আট বছর যাবৎ দেশজুড়ে এসব নেতা-কর্মীরা এতসব অপকর্ম করে কিভাবে? সরকারের গৃহীত কর্মসূচী ক’জন নেতা-কর্মী তৃণমূল পর্যায়ে বাস্তবায়ানে উদ্যোগী ছিল?

একচুয়েলী পারফরমেন্স বিচার করলে ক্ষমতার চেয়ে বিরোধী দলেই আওয়ামী লীগকে মানায় ভালো। রাজপথের আন্দোলন-সংগ্রামে দলটির জুড়ি মেলা ভার। ক্ষমতায় গেলে দলটি আপন-পর ভুলে যায়। বঙ্গবন্ধুর একটি কথা খুব কানে বাজে, ‘আমি ভিক্ষা করে চাল আনি। এখন দেখি আমার ডানে-বামে, সামনে-পিছনে সব চোর, চাটার দল সব চেটে নিচ্ছে’। ৪২ বছর আগের সে ঘটনা কি আমরা মনে রেখেছি? তা হলে ১০ টাকার চাল নিয়ে কি এত চালবাজি হতো?

ক্ষমতাসীন দলের নেতারা কি না করছেন? জনপ্রতিনিধি হওয়া মানেই যেন জনগনের মাথা কিনে ফেলা। জনপ্রতিনিধি কি ইয়াবা ব্যবসায়ী হয়? জনপ্রতিনিধি কি শিশুকে গুলি করতে পারে? জনপ্রতিনিধি কি প্রকাশ্যে শিক্ষক পেটাতে পারে? জনপ্রতিনিধি কি গর্ভবতী মায়ের পেটে গুলি করতে পারে? এই যে এত প্রশ্ন জনমনে ঘুরপাক খাচ্ছে এর কি প্রভাব পড়বে না আগামী নির্বাচনে? প্রধানমন্ত্রী সুষ্ঠু ভোটের স্বপ্ন দেখেন উন্নয়নের নিরীখে। কিন্তু দুর্বৃত্তরা কি মাঠ পর্যায়ে পরিবেশ সরকারের অনুকুলে রেখেছে?

সবচেয়ে দুঃখজনক, যে দলটি রাজাকারদের বিচার করে রায় কার্যকর করছে, সে দলেই প্রতিদিন যুদ্ধাপরাধীরা যোগ দিচ্ছে। শুধুই কি তাই, এরা আওয়ামী লীগের পদ-পদবী দখল করে জেঁকে বসেছে, আসন করে নিচ্ছে পাকাপোক্ত। যদি ‘৭১-র পরাজিত পক্ষ আওয়ামী লীগে এতটা নিরাপদে আশ্রয় নিতে পারে তবে বিএনপি’র দোষ হবে কেন? আওয়ামী লীগের আত্মশুদ্ধির সময় ফুরিয়ে যায়নি। এই দলটিকে আগামী কয়েক টার্ম ক্ষমতায় থাকতে হবে।।

জয়বাংলা, জয় বঙ্গবন্ধু।।

13256114_1792154611021106_7968467972793757044_n

  • লেখকঃ আবদুল মালেক। কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক।
  • সহ সম্পাদনায়ঃ ফয়সাল আহমেদ চৌধুরী। কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *