42879_trmpনতুন মার্কিন প্রেসিডেন্টের শপথ গ্রহণকে ঘিরে শুক্রবার দিনভর ওয়াশিংটনের হোয়াইট হাউজ ও ক্যাপিটল হিলে চলে নানা আনুষ্ঠানিকতা। এদিন সকালে হোয়াইট হাউজে ট্রাম্প ও মেলানিয়া দম্পতিকে স্বাগত জানান বিদায়ী প্রেসিডেন্ট ওবামা ও তার স্ত্রী মিশেল। ক্যাপিটল হিলে ট্রাম্পের শপথ গ্রহণের পর ওবামাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। এদিকে, ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক কয়েকজন মার্কিন প্রেসিডেন্ট, সুপ্রিম কোর্টের বিচারপতি, কূটনীতিবিদ ও নির্বাচনে পরাজিত প্রার্থী হিলারি ক্লিনটন।
কয়েক দিন আগে থেকে প্রস্তুতি চললেও শুক্রবার ভোরের আলো ফোটার কিছুক্ষণ পরই শুরু হয় নতুন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের চূড়ান্ত আনুষ্ঠানিকতা। যুক্তরাষ্ট্রের প্রথা অনুযায়ী- আনুষঙ্গিক বিভিন্ন কাজের অংশ হিসেবে এদিন সকালে প্রেসিডেন্টের অতিথি ভবন ব্লেয়ার হাউজ থেকে হোয়াইট হাউজের উল্টো দিকে অবস্থিত সেইন্ট জন্স চার্চে যান ডোনাল্ড ট্রাম্প।
সেখানে প্রার্থনা শেষে সস্ত্রীক হোয়াইট হাউজের চা-চক্রে যোগ দেন তিনি। সেখানে ট্রাম্প-মেলানিয়াকে স্বাগত জানান ওবামা মিশেল দম্পতি। এসময় ট্রাম্পের পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট পাইক পেন্স, সাবেক কয়েক জন প্রেসিডেন্টসহ আমন্ত্রিত অতিথিরা হোয়াইট হাউজের আতিথেয়তা গ্রহণ করেন।
এরপরই ওবামা-মিশেল দম্পতিকে সঙ্গে নিয়ে মোটর শোভাযাত্রা করে ক্যাপিটল হিলের উদ্দেশে রওনা দেন ট্রাম্প। এ গাড়িবহর সেখানে পৌঁছানোর কয়েক ঘণ্টা আগে থেকেই স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় সঙ্গীতায়োজনের মাধ্যমে উন্মুক্ত মঞ্চে শুরু হয় ট্রাম্পের শপথ গ্রহণের অনুষ্ঠান।
প্রথা অনুযায়ী প্রেসিডেন্টের শপথের আগে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে শপথবাক্য পড়ান বিচারপতি ক্যারেন্স থমাস। প্রেসিডেন্টের এ অভিষেক অনুষ্ঠানে যোগ দেন- সাবেক কয়েকজন মার্কিন প্রেসিডেন্ট, সুপ্রিম কোর্টের বিচারপতি, কূটনীতিক ও দেশের বিশিষ্ট জনেরা। উপস্থিত ছিলেন- পরাজিত প্রার্থী হিলারি ক্লিনটন, মনোনয়নপ্রার্থী বার্নি স্যান্ডার্সসহ ডেমোক্র্যাট দলের বেশ কিছু শীর্ষ নেতা।
প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শপথ ও উদ্বোধনী ভাষণ সম্পন্ন হওয়ার পর, দুপুর সাড়ে ১২টায় সদ্য সাবেক হওয়া প্রেসিডেন্ট ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। এরপরের অনুষ্ঠানিকতা ছিলো, ক্যাপিটল হিলে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আতিথেয়তায় আমন্ত্রিতদের জন্য মধ্যাহ্ন ভোজ।
সবশেষ ক্যাপিটল হিল থেকে হোয়াইট হাউজের পথে প্রায় আড়াই কিলোমিটার উদ্বোধনী শোভাযাত্রায় অংশ নেন প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া। এসময় রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা লাখো মার্কিনি তাদের শুভেচ্ছা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *