প্রশ্ন ফাঁসের অভিযোগে এখনই বাতিল হচ্ছে না এসএসসির গণিত পরীক্ষা। আরো যাচাই-বাচাই ও তদন্ত শেষে অভিযোগ প্রমাণ হলে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এদিকে, এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িত সন্দেহে ৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গত ২ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরুর আগে প্রশ্নফাঁসের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। তবে এরপরেও ঢাকা শিক্ষাবোর্ডে কয়েকটি বিষয়ের প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে। বিভিন্ন পরীক্ষার আগে কয়েকটি ফেসবুক পেইজ থেকে দেয়া হয় আগাম প্রশ্ন সরবরাহের ঘোষণা। সবচেয়ে বেশি অভিযোগ গণিতের প্রশ্নপত্র নিয়ে। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে আগাম পাওয়া প্রশ্নের ছবি। বিষয়টি নিয়ে বিব্রত খোদ শিক্ষামন্ত্রী। সিলেটে তিনি সাংবাদিকদের জানান, অভিযোগ তদন্ত করছে মন্ত্রণালয়। তবে গণিতের পরীক্ষা বাতিল হবে কিনা- সে সিদ্ধান্ত নিতে আরো যাচাইবাছাই দরকার। এদিকে, প্রশ্ন ফাঁসে জড়িত সন্দেহে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকা থেকে সোমবার রাতে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। আগামী পরীক্ষাগুলোতে প্রশ্ন ফাঁস বা এ ধরনের গুজব ঠেকাতে মনিটরিং টিমের কঠোর নজরদারি থাকবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। Post navigation ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে আবারও গোলাগুলিতে চার ভারতীয় সেনা ও চার জঙ্গি নিহত লাগেজ দুর্ভোগে নাকাল বাংলাদেশ বিমানের যাত্রীরা