ঘুমের মাঝে বিষাক্ত সাপ কামড়ে দিয়েছিল ভারতীয় এক নারীকে, কিন্তু বুঝে উঠতে পারেননি তিনি। তার বুকের দুধ খাওয়ার পর সেই বিষে আক্রান্ত হয় তার শিশুটিও। এরপর দুজনেই অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে নেবার পথে মারা যান।

২৫ মে, শুক্রবার মারা যান ৩৫ বছর বয়সী ওই নারী এবং তার তিন বছরের শিশু, জানিয়েছে পুলিশ। এ ঘটনা ঘটে ভারতের   উত্তর প্রদেশে।

উত্তর প্রদেশের পুলিশ ইনস্পেক্টর বিজয় সিংয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে , ঘুমের মাঝে সাপে কাটার পর ওই নারী বুঝতে পারেননি। ঘুম থেকে উঠে তিনি শিশুটিকে বুকের দুধ খাওয়ান। বৃহস্পতিবার মা ও শিশু অসুস্থ হয়ে পড়েন, এরপর হাসপাতালে যাবার পথে তাদের মৃত্যু হয়।

নিহতের পরিবার ওই বাড়িরই একটি ঘরে সাপটিকে দেখতে পায়। কিন্তু এরপর পালিয়ে যায় সাপটি।

ওই নারী ও তার শিশুর ময়নাতদন্ত করা হবে। কিন্তু ইতোমধ্যেই পুলিশ একে দুর্ঘটনাজনিত মৃত্যু বলে চিহ্নিত করেছে।

ভারতে প্রায় ৩০০ প্রজাতির সাপ রয়েছে, তার মাঝে ৬০ প্রজাতি মারাত্মক বিষাক্ত। প্রতি বছর সারা পৃথিবীতে লাখখানেক মানুষ সাপের কামড়ে মারা যায়, তার মাঝে প্রায় অর্ধেক (৪৬ হাজার) মৃত্যু ঘটে শুধু ভারতেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed