এখন পর্যন্ত অনেক ধরনের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে পূর্ণিমাকে। এবার ‘পোর্ট্রেট’ টেলিছবিতে গ্রাফিক্স ডিজাইনারের ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় এই অভিনেত্রীকে।

তাঁর সঙ্গে টেলিছবিতে অভিনয় করেছেন ইমন ও নিরব। রুম্মান রশীদ খানের রচনায় টেলিছবিটি পরিচালনা করেছেন মাকসুদুর রহমান বিশাল। আগামীকাল বুধবার ঈদের পঞ্চম দিন দুপুর ২টা ২০ মিনিটে এনটিভিতে টেলিছবিটি প্রচারিত হবে।

টেলিছবিটিতে আরো অভিনয় করেছেন সাবেরী আলম, সিদ্দিক, তাসনিয়া ফারিন প্রমুখ। টেলিছবিতে আয়াত চরিত্রে পূর্ণিমা, সামিন চরিত্রে নিরব ও শায়ান চরিত্রে ইমন অভিনয় করেছেন।

টেলিছবির গল্প প্রসঙ্গে নাট্যকার রুম্মান রশীদ খান বলে, ‘পোর্ট্রেট আসলে আমার চেনা জানা এক দম্পতির গল্প। দুই বন্ধুর গল্প। সত্যি ঘটনা অবলম্বনে টেলিছবিটি লিখেছি। আমাদের জীবনে সব সম্পর্কের মধ্যেই একটা সীমারেখা থাকা উচিত। প্রত্যেকটি সম্পর্কের নিজের জায়গা থাকে। সবারই উচিত নিজের জায়গাটাকে সম্মান করা। প্রকৃতি অস্বাভাবিক কিছু পছন্দ করে না। আর অস্বাভাবিক কোনো অনুভূতি প্রকাশের পরিণতিও শুভ হয় না। এটিই গল্পের মধ্য দিয়ে বোঝাতে চেয়েছি।’

রুম্মান রশীদ খান আরো বলেন, ‘টেলিছবিতে পূর্ণিমা একজন আউটসোর্সিংয়ের কাজে ব্যস্ত গ্রাফিক্স ডিজাইনার। সেই সঙ্গে শখের বশে মানুষের মুখাবয়ব নিয়ে কাজ করতে ভালোবাসে। গল্পের একপর্যায়ে দেখা যাবে, ইমনের পোর্ট্রেট আঁকবেন পূর্ণিমা।’

অন্যদিকে, পরিচালক মাকসুদুর রহমান বিশাল টেলিছবির গল্প প্রসঙ্গে বলেন, ‘ভালোবাসার সংসার আয়াত ও সামিনের। সবাই তাদের আদর্শ দম্পতি হিসেবেই জানে। এই সরলরেখা হঠাৎ বাঁকা পথে রূপ নেয় যখন ওদের জীবনে সদ্য আমেরিকা ফেরত তরুণ শায়ানের আগমন হয়। সামিনের ছোটবেলার বন্ধু সে। শায়ান বলতে অজ্ঞান সামিন। ছোটবেলার খেলার সাথী, স্কুলের বন্ধু শায়ান এসএসসি পরীক্ষার পর বাবা-মার সাথে আমেরিকা চলে যায়। এত দিন পর শায়ানকে ফেসবুকের মাধ্যমেই খুঁজে পায় সামিন। আয়াত অসাধারণ ছবি আঁকে। সামনে শায়ানের জন্মদিন। শায়ানকে সারপ্রাইজ দিতে চায় সামিন । স্ত্রীকে অনুরোধ করে শায়ানের পোর্ট্রেট আঁকতে। এরপর শুরু হয় অন্যগল্প।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *