ফুটবল অনেক ভালোবাসেন। ভবিষ্যতে ফুটবলের সঙ্গে থাকতে চান। কথাটা বলেছেন শাহরুখ কন্যা সুহানা খান!

বাবা শাহরুখ খান বলিউডের সুপারস্টার। এরই মধ্যে একটি ফ্যাশন ম্যাগাজিনের প্রচ্ছদে এসেছে অষ্টাদশী সুহানার ছবি। এরপর হৈ চৈও হয়েছে। বাবার মত মেয়েও রূপালি পর্দা কাঁপাবেন এটাই তো সবাই ধরে নিয়েছে। এই মেয়ে বলে কিনা তাঁর মন এখনো পড়ে থাকে ফুটবল মাঠে!

কেবল ফুটবল পছন্দ করেন বললে তো হবে না। ১৩ বছর বয়সে, যখন সুহানা ক্লাস সেভেনে পড়েন, তখন তিনি তাঁর স্কুলের হয়ে ফুটবল খেলেছেন। অনুর্ধ্ব-১৪ ধীরুভাই আম্বানি আন্তর্জাতিক ফুটবল দলের অধিনায়কও ছিলেন সুহানা!

বিশ্বখ্যাত লাইফস্টাইল ও ফ্যাশনবিষয়ক ম্যাগাজিন ‘ভোগ’-এর আগস্ট সংখ্যার প্রচ্ছদে ছিল সুহানার ছবি। সুহানা জানিয়েছেন, তিনি শুধু অভিনয়ই পছন্দ করেন না, ফুটবলেরও ফ্যান, খেলতেও ভালোবাসেন। ভারতীয় সংবাদমাধ্যম মিড ডে এ খবর জানিয়েছে।

ভোগ-এর প্রচ্ছদ দিয়ে গ্ল্যামার বিশ্বে প্রবেশ করেন সুহানা খান। প্রথম ‘ফটোশ্যুট’ নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গেই কথা বলেছেন সুহানা। তিনি জানান, ‘ফটোশ্যুট’ তাঁর পছন্দ। বিশেষ করে ‘নাচুনে শটগুলো’। কারণ তিনি নাচ পছন্দ করেন।

সুহানা জানান, মাত্র তিন বছর বয়সে তিনি ফুটবল খেলা শুরু করেন। এখনও সবচেয়ে বেশি ভালোবাসেন ফুটবল। তিনি আরো বলেন, ‘আমি টিভিতে একদম ফুটবল দেখি না। কোনো প্রিয় খেলোয়াড়ও নেই আমার। আমি খেলাটিকে এমনিতেই খুব ভালোবাসি।’

খুব সাধারণভাবেই ফুটবলটা শুরু করেন সুহানা। ধীরে ধীরে একটু বড় হয় তাঁর খেলার পরিসর। তিনি জানান, অভিনয়ে সাফল্য এলেও তিনি ভবিষ্যতে ফুটবলের সঙ্গে থাকতে চান।

শুধু কি ফুটবল? সুহানা জানান , তিনি তায়কোয়ান্দোও জানান। ভাই আরিয়ান খানের ভিডিও দেখে কোরিয়ান মার্শাল আর্ট তায়কোয়ান্দো শিখেন তিনি।

ভোগ-এ দেওয়া সাক্ষাৎকারে সুহানা জানান, তিনি কঠোর পরিশ্রম করতে চান। এর আগে বিশ্ববিদ্যালয় জীবন পাড়ি দিতে চান। এমন কিছু করতে চান তিনি, যা মূলধারার নয়।

প্রচ্ছদে ছবি আসার পর বাবা শাহরুখ আর মা গৌরীর প্রশংসা পেয়েছেন সুহানা। ওই অভিজ্ঞতার মধ্য দিয়ে আত্মবিশ্বাস বাড়ানোর পরামর্শ দিয়েছেন সুহানার বাবা ও মা।

এদিকে প্রচ্ছদে মেয়ের ছবি দেখে উচ্ছসিত শাহরুখ খান। নিজের ফেসবুক পেজে ‘ভোগ’ ম্যাগাজিন হাতে নিয়ে ছবি শেয়ার করে শাহরুখ লিখেছেন, ‘ধন্যবাদ ভোগ ম্যাগাজিন। সুহানাকে আদর ও অনেক ভালোবাসা।’

অন্যদিকে গৌরী খানও খুব খুশি। সুহানার ‘ফটোশ্যুট অসাধারণ’ হয়েছে বলে মন্তব্য করেন তিনি। ‘ভোগ’ ম্যাগাজিনকে ধন্যবাদও জানিয়েছেন গৌরী। ভারতীয় গণমাধ্যমগুলো এরই মধ্যে প্রচ্ছদকন্যা সুহানাকে নিয়ে খবর ছেপেছে। ‘ভোগ’ এর জন্য তোলা অন্য ছবিগুলোও এসব গণমাধ্যমে প্রকাশ করা হয়।

লাইফস্টাইল ও ফ্যাশনবিষয়ক ম্যাগাজিন ‘ভোগ’-এর প্রচ্ছদে দেখা যায় হলিউড ও বলিউডের সুপারস্টারদের। ‘ভোগ’ মূলত মার্কিন ম্যাগাজিন। তবে বিশ্বের ২৩টি দেশে এর আলাদা সংস্করণ প্রকাশিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *