ফ্লোরিডায় জয়ের সৌরভ ছড়িয়েছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ১২ রানে হারিয়েছে টাইগাররা। টস হেরে আগে ব্যাট করে তামিম ও সাকিবের ফিফটিতে ৫ উইকেটে ১৭১ রান করে বাংলাদেশ দল। জবাবে, ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৫৯ রানে থেমে যায় ক্যারিবিয়দের ইনিংস।

এ জয়ে সিরিজে ১-১ এ সমতায় ফিরেছে বাংলাদেশ।লডারহিলে শুরুতে ব্যাট করতে নেমে দলীয় ৭ রানে লিটন দাসের উইকেট হারায় বাংলাদেশ। সুবিধা করতে পারেননি মুশফিক ও সৌম্য।

তবে, সাকিবকে নিয়ে ৯০ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন তামিম। ব্যক্তিগত ৭৪ রানে তামিমকে সাজঘরে পাঠিয়ে এ জুটি ভাঙেন আন্দ্রে রাসেল। সঙ্গীর বিদায়ে বেশিক্ষণ টেকেননি সাকিবও। ৬০ রানে পলের শিকার হন তিনি।

শেষদিকে মাহমুদুল্লাহর ১৩ রানের সুবাদে, ৫ উইকেট হারিয়ে ১৭১ রান করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে দলীয় ৪৮ রানেই লুইস, রাসেল ও স্যামুয়েলসের উইকেট হারিয়ে বিপাকে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটসম্যানদের আসা যাওয়ার মাঝে একপ্রান্ত আগলে রাখেন ফ্লেচার।

দলীয় ১১৬ রানে ফ্লেচারকে ফিরিয়ে টাইগারদের জয়ের স্বপ্ন দেখান নাজমুল ইসলাম। এরপর টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাওয়েলের ৪৩ রান ছাড়া বলার মতো সংগ্রহ পাননি আর কোনো ব্যাটসম্যান। ফলে ৯ উইকেটে ১৫৯ রানে শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *