জেমস বলে কথা। যেখানেই যান, সুরের মূর্ছনায় সবাইকে মাতিয়ে রাখেন। হোক তা দেশের আনাচকানাচ কিংবা দেশের বাইরে। মালয়েশিয়া প্রথমবার যাওয়ার খবর শুনেই সেখানকার সংগীতপ্রেমী দর্শকেরাও অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। জেমস আদৌ আসবেন কি না, এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলেন মালয়েশিয়ায় থাকা ভক্তরা। আয়োজকেরা টিকিটের ব্যবস্থা করেছিলেন ভেন্যুর ধারণ ক্ষমতার চেয়ে ৫০০ আসন কম। কিন্তু জেমসের উড়াল দেওয়ার খবরে তুমুল চাহিদা তৈরি হয় টিকিটের। মিলনায়তন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে অবশিষ্ট ৫০০ টিকিটের ব্যবস্থা করে আয়োজন প্রতিষ্ঠান এম আর প্রোডাকশনস। এম আর প্রোডাকশন অন্যতম কর্ণধার মাইদুল রাকিব ফেসবুক পোস্টে লেখেন, ‘নগরবাউল জেমস এখন মালয়েশিয়ায়। নগরবাউল জেমসের ভক্তদের কথা মাথায় রেখে, আমাদের পূর্বের সকল টিকিট শেষ হওয়ায় মিলনায়তন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে স্বল্প মূল্যে মাত্র ৫০ রিঙ্গিতের ৫০০টি নতুন টিকিট আপনাদের মাঝে নিয়ে এসেছে “জেমস নাইট”। আর দেরি নয়, প্রথমবার নগরবাউলের গান উপভোগ করুন।’ মালয়েশিয়ায় জেমসকে নিয়ে আয়োজিত বিশেষ এই কনসার্টের টিকিটের মূল্য আসনভেদে নির্ধারণ হয়েছে ১০০ ও ২০০ মালয়েশীয় রিঙ্গিত। মে দিবস উপলক্ষে আজ ১ মে মালয়েশিয়া বাঙালি প্রবাসীদের গান শোনাতে হাজির হয়েছেন জেমস ও তাঁর দলবল। সেখানে প্রবাসী শ্রমিকদের জন্য প্রথম মঞ্চে উঠবেন তিনি। স্থানীয় সময় রাত আটটার পর জেমসের মঞ্চে ওঠার কথা। মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে পৌঁছার পর জেমসকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান আয়োজক প্রতিষ্ঠানের কর্মকর্তারা। মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে পৌঁছার পর জেমসকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান আয়োজক প্রতিষ্ঠানের কর্মকর্তারা। মালয়েশিয়া পৌঁছার পর সেখানকার ভক্তদের উদ্দেশে আজ বুধবার সকালে জেমস ভিডিওবার্তায় বলেন, ‘বন্ধুরা, সবার সঙ্গে দেখা হচ্ছে। কুয়ালালামপুরে। গান হবে, কথা হবে।’ জেমসের মুখপাত্র রুবাইয়াত ঠাকুর রবিন বলেন, ‘মালয়েশিয়ায় আমাদের দেশের অসংখ্য শ্রমিক ভাইয়েরা আছেন। বিশেষ এই দিনটিতে তাঁদের সঙ্গে আনন্দময় কাটাব আমরা। এটা অন্য রকম একটা ভালো লাগার বিষয়।’ মে দিবস উপলক্ষে মালয়েশিয়ার কুয়ালালামপুরে বিশেষ এই কনসার্টের আয়োজন করছে এম আর প্রোডাকশন। আজ বিকেল পাঁচটা থেকে মধ্যরাত পর্যন্ত, কুয়ালালামপুরের ইন্টিগ্রেটেড কমার্শিয়াল কমপ্লেক্সের এইচএক্সসি গ্র্যান্ড বলরুমে আয়োজন করা হয়েছে ‘জেমস নাইট’। এম আর প্রোডাকশনের অন্যতম কর্ণধার মাইদুল রাকিব বলেন, ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আমরা এই শো আয়োজন করছি। ভাবতেই ভালো লাগছে, জেমস ভাইয়ের মতো এত বড় মাপের একজন তারকা আমাদের আয়োজনে প্রথমবার মালয়েশিয়ায় গান শোনাবেন।’ কনসার্ট শেষে কাল বৃহস্পতিবার বাংলাদেশে ফিরবেন জেমস। Post navigation শাকিবের চুল বড় হলে শুরু হবে “একটি প্রেম দরকার” ছবির বাকি অংশের সুটিং। ক্যারিয়ারের শুরুতেই ‘পূজা’র বিরুদ্ধে শিডিউল ফাঁসানোর অভিযোগ