হলিউডের ‘লিবের্তে: আ কল টু স্পাই’ ছবিতে কাজ শুরু করেছেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ছবিটির গল্প। হলিউডে কাজ করতে গিয়ে নানা অভিজ্ঞতা হচ্ছে রাধিকার। পরিচিত হতে পারছেন সেখানকার কাজের ধারার সঙ্গে। সম্প্রতি সেসব নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী।

ছবিতে রাধিকা অভিনয় করছেন নুর ইনায়াত খান ওরফে নোরা বাকেরের চরিত্রে। তিনি একজন ব্রিটিশ গুপ্তচর। চরিত্রে প্রবেশ করতে কী করেন রাধিকা? এ প্রশ্নের উত্তরে তিনি বললেন, ‘আমি বিশ্বাস করি, একটি চরিত্র তৈরি করতে সেই চরিত্র ও বিষয়বস্তু সম্পর্কে জানাশোনা খুবই জরুরি। সেই চরিত্রের সঙ্গে সম্পর্কিত গল্পও পড়া দরকার, চরিত্রের ভারসাম্য বোঝা প্রয়োজন।’ তিনি জানান, ছবির চিত্রনাট্যকার ও প্রযোজকেরা তাঁকে চরিত্র-সম্পর্কিত নানা লেখা পাঠিয়েছেন। চরিত্রটির জন্য প্রস্তুত হতে নানা তথ্য দিয়ে সাহায্য করেছেন তাঁরা। হলিউডের কাজের ধারা নিয়ে রাধিকা বলেন, ‘আমি মনে করি, প্রত্যেক পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠানেরই আলাদা কাজের পদ্ধতি থাকে। সেখানকার ইন্ডাস্ট্রিতে সবাই সময়মতো কাজ করেন। পারিশ্রমিকও দিয়ে দেন ঠিক সময়ে। পারিশ্রমিকের জন্য হাত পাততে হয় না।’

ছবির সূত্র জানিয়েছে, ফিলাডেলফিয়া ও বুদাপেস্টে ছবিটির শুটিং হয়েছে। বাকি শুটিং হবে আরও বিভিন্ন জায়গায়। বলিউডে রাধিকা অভিনীত সাম্প্রতিক ছবিগুলোর একটি আন্ধাধুন। সেখানে তিনি কাজ করেছেন আয়ুষ্মান খুরানার সঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *