e61ac14863f81e42994efd25df062ef6-IPL1ওয়ার্নারের ব্যাটে এল ৯০ রানের ঝোড়ো ইনিংস।আইপিএলের প্লে অফের তিনটি জায়গা নিশ্চিত হয়ে গেছে। পাঞ্জাব, চেন্নাই আর কলকাতা। পয়েন্ট টেবিলের যা অবস্থা, তাতে চতুর্থ ও শেষ জায়গাটি নিয়ে আগে থেকেই অঙ্কের ঘোরপ্যাঁচ লেগে ছিল। সেটিকে আরও জটিল করে তুলল হায়দরাবাদ। চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে হারিয়ে।
ডেভিড হাসির ৩৩ বলে ৫০, মহেন্দ্র সিং ধোনির ৪১ বলে ৫৭ আর ডোয়াইন স্মিথের ২৮ বলে ৪৭ রানের তিনটি ইনিংসের সুবাদে ৩ উইকেটে ১৮৫ রান তুলেছিল চেন্নাই। অনেক বড় পুঁজি। কিন্তু ডেভিড ওয়ার্নার আর শিখর ধাওয়ান এনে দিলেন দুর্দান্ত শুরু। ১১ ওভারেই বিনা উইকেটে উঠে এল ১১৪ রান।
আগের রাতে লেন্ডল সিমন্স এই আসরের প্রথম সেঞ্চুরিটি করেছিলেন। মনে হচ্ছিল ওয়ার্নার দ্বিতীয় সেঞ্চুরিটির অপেক্ষা দীর্ঘায়িত করবেন না। কিন্তু ৪৫ বলে ১২টি চার ও ৩ ছক্কায় ৯০ করে ফিরছেন এই অস্ট্রেলীয় ওপেনার। রান তোলার তাগিদে পরপর আরও তিনটি উইকেট পড়ে গেলে শেষ ওভারে খানিকটা উত্তেজনা তৈরি হলো বটে। তবে শেষ পর্যন্ত দুই বল হাতে রেখেই জিতে গেল হায়দরাবাদ।
হায়দরাবাদের এই জয়ে পয়েন্ট টেবিলের ওপরে আর তলায় দুই দিকেই ‘প্যাঁচ’ লেগেছে। শীর্ষ দুই দলের একটি হওয়ার লড়াইয়ে পাঞ্জাব, চেন্নাই, কলকাতা—তিন দলেরই যেমন আশা টিকে রইল, চতুর্থ দল হওয়ার লড়াইয়ে আশা রইল রাজস্থান, হায়দরাবাদ, মুম্বাই আর বেঙ্গালুরুরও। একমাত্র দল হিসেবে টুর্নামেন্ট থেকে এরই মধ্যে ছিটকে পড়েছে কেবল দিল্লি। প্রথম আলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *