আফগান প্রেসিডেন্ট পদপ্রার্থীকে হত্যাচেষ্টা

afgan-intro1-swadeshnews24অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন আফগানিস্তানের প্রেসিডেন্ট পদপ্রার্থী আবদুল্লাহ আবদুল্লাহ। শুক্রবার রাজধানী কাবুলে তার গাড়ির কনভয় লক্ষ্য করে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আগামী সপ্তাহে অনুষ্ঠেয় দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ের আগে শুক্রবার প্রচারণা চালানোর সময় তার মিছিলকে লক্ষ্য করে অতর্কিত এই বোমা হামলা চালানো হয়।

এতে তার কয়েকজন দেহরক্ষী আহত হয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।

কোনো জঙ্গি সংগঠন এদিনের জোড়া বিস্ফোরণের দায় স্বীকার করেনি। তবে নির্বাচনী প্রচারণায় হামলা চালাবে বলে আগে থেকেই হুঁশিয়ারি দিয়েছিল তালেবান জঙ্গিরা।

কাবুল পুলিশের মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রথম বিস্ফোরকটি ছিল আত্মঘাতী। আবদুল্লাহ আবদুল্লাহর গাড়ির কনভয় লক্ষ্য করে বিস্ফোরণটি ঘটানো হয়েছে। তবে দ্বিতীয়টি ‘স্টিক বোমা’ ছিল বলে পুলিশ ধারণা করছে।

এ হামলার নিন্দা জানিয়েছেন আব্দুল্লাহর প্রধান প্রতিদ্বন্দ্বী আশরাফ ঘানি।

উল্লেখ্য, আগামী ১৪ জুন দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফায় লড়াই হবে। গত এপ্রিলে প্রথম দফার নির্বাচনে কোনো প্রার্থীই সরকার গঠনে প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট না পাওয়ায় দ্বিতীয় দফায় লড়তে হচ্ছে প্রেসিডেন্ট প্রার্থীদের। তবে প্রথম দফায় এগিয়েছিলেন আব্দুল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *