বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীর মেধাবী সন্তানদের মধ্যে আলাউদ্দিন ছাত্র বৃত্তি প্রদান করেছে কর্মচারী সমবায় ঋণদান সমিতি। মঙ্গলবার ব্যাংকের ব্যাংকিং হলে আয়োজিত অনুষ্ঠানে ৫২৩ জন মেধাবী শিক্ষার্থীর হাতে বৃত্তির সনদ তুলে দেন গভর্নর ড. আতিউর রহমান। গভর্নর বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীতে জ্ঞান, তথ্য ও অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকাশক্তি হিসেবে আবির্ভূত হবে। তরুণদের মেধার বিকাশ ও সঠিক রক্ষণাবেক্ষণ একান্ত প্রয়োজন। বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে হলে তরুণ প্রজন্মকে শিক্ষিত ও দক্ষতাসম্পন্ন করে গড়ে তুলতে হবে। বর্তমানে মোট জনসংখ্যার শতকরা ৬০ ভাগই কর্মক্ষম। এ যেন ডেমোগ্রাফিক ডিভিডেন্টের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, তার সদ্ব্যবহার করতে হলে দক্ষতাসম্পন্ন শিক্ষার কোন বিকল্প নেই। তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীরা যে পরিবারেরই হোক তারা যেন উচ্চশিক্ষার অধিকার থেকে বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখা সকলের সামাজিক ও নৈতিক দায়িত্ব। গভর্নর সামাজিক দায়বোধ, নৈতিকতা ও মানবিকতার মতো বৈশিষ্ট্যগুলো সবসময় লালনের মাধ্যমে উন্নত দেশ গড়ার কারিগর হওয়ার জন্য বৃত্তিপ্রাপ্তদের প্রতি আহ্বান জানান। গভর্নর শিক্ষার্থীদের মেধার বিকাশ ও তাদের সৃজনশীলতায় অনুপ্রেরণা প্রদানে কো-অপারেটিভের ছাত্র বৃত্তি কর্মসূচিরও প্রশংসা করেন। বাংলাদেশ ব্যাংক কর্মচারী সমবায় ঋণদান সমিতির চেয়ারম্যান মো. আহমদ আলীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মো. মফিজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সম্পাদক মো. রজব আলী। অনুষ্ঠানে ২০১৩ সালে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ ৫২৩ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সনদ প্রদান করা হয়। প্রসঙ্গত ২০০৮ সাল থেকে সমিতির উদ্যোগে চালুকৃত আলাউদ্দিন মেধা ছাত্র বৃত্তি পেয়েছেন প্রায় ২ হাজার শিক্ষার্থী। Post navigation কেন্দ্রীয় ব্যাংকের মুনাফা কমেছে শিল্প কাঁচামাল আমদানিতে ধস