Google Busবাংলাদেশে যাত্রা শুরু হলো গুগল বাসের। আজ বুধবার সকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গুগল বাস প্রকল্প উদ্বোধন করেন। এ সময় গুগলের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এমারজিং মার্কেটের কান্ট্রি ম্যানেজার জেমস ম্যাকক্লুর উপস্থিত ছিলেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহায়তায় গুগল এই কার্যক্রম বাস্তবায়ন করছে। এক বছর মেয়াদী এ প্রকল্পের আওতায় দেশের ৫০০ কলেজ ও বিশ্ববিদ্যালয়ে যাবে আধুনিক প্রযুক্তিসম্পন্ন গুগল বাস। দেশের ৩৫টি এলাকায় শিক্ষা-প্রতিষ্ঠানগুলোতে উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য কর্মশালা করবে গুগল। কর্মশালা থেকে শিক্ষার্থীরা ইন্টারনেট ব্যবহারের দক্ষতা নিয়ে নিজ প্রচেষ্টায় ব্যবসা ও প্রকল্প তৈরি এবং ব্যবসা পরিচালনা করার কৌশল রপ্ত করতে পারবে বলে দাবী করে গুগল।

প্রধান অতিথির বক্তব্যে পলক বলেন, ‘বিশ্বে এখন আমরা অমিত সম্ভাবনার দেশ। গুগলের এই কার্যক্রম দেশের তরুণদের প্রযুক্তি দক্ষতা এনে দেবে। ডিজিটাল বাংলাদেশে বাস্তবায়নে এই তরুণরাই প্রধান শক্তি। প্রকল্পটি সফল হলে ভবিষ্যতে গুগলের সাথে আমরা আরো কার্যক্রম শুরু করব।’

Google Bus

জেমস ম্যাকক্লুর বলেন, ‘উপযুক্ত প্রশিক্ষণ পেলে বাংলাদেশের তরুণরা ইন্টারনেটকে লাগিয়ে বাংলাদেশকে প্রযুক্তি বিশ্বের প্রথম সারিতে নিয়ে যাবে। আগামী কয়েক মাসের মধ্যেই গুগল বাস ছয়টি বিভাগীয় শহর ও গুরুত্বপূর্ণ শহরের নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পৌঁছাবে।

বাসটিতে থ্রিজি ইন্টারনেট সংযোগসহ মনিটর ও উন্নতমানের সাউন্ড সিস্টেম রয়েছে। বাসের মধ্যেই অডিও ও ভিডিওর মাধ্যমে শিক্ষার্থীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া হবে। প্রতিটি কর্মশালায় একজন প্রশিক্ষক শিক্ষার্থীদের গুগল সার্চ, ক্রোম, ডকস, ম্যাপস, ইউটিউব, গুগল প্লাস ইত্যাদি বিষয়ে ধারণা দেবেন।

কর্মশালায় শিক্ষার্থীরা যা শিখবে তা নিয়ে ইন্টারনেট ব্যবহার করা যায় এমন অ্যান্ড্রয়েড ডিভাইস বা মোবাইল ফোনে চর্চা করারও সুযোগ পাবে।

তবে দেশের কোন কোন শিক্ষা-প্রতিষ্ঠানে গুগল বাস যাবে সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *