
হিন্দি চলচ্চিত্রের প্রখ্যাত চিত্রনাট্যকার ও অভিনেতা এবং ‘দাবাং’ তারকা সালমান খানের বাবা সেলিম খানকে এ বছর ভারতের চতুর্থ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী খেতাবে ভূষিত করতে চেয়েছিল ভারত সরকার। কিন্তু পদ্মশ্রী খেতাব নিতে অস্বীকৃতি জানিয়েছেন ৭৯ বছর বয়সী সেলিম খান।
এ প্রসঙ্গে ক্ষুব্ধ সেলিম খান বলেন, ‘হিন্দি চলচ্চিত্রে আমার যে অবদান তার জন্য পদ্মশ্রীর চেয়ে আরও মর্যাদাপূর্ণ স্বীকৃতি আমার পাওয়া উচিত ছিল। আমি ভেবেছিলাম, অন্তত পদ্মভূষণ সম্মাননা দেওয়া হবে আমাকে। কিন্তু দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, পদ্মশ্রী খেতাব আমার পক্ষে কোনোভাবেই গ্রহণ করা সম্ভব না।’
সেলিম খান আরও বলেন, ‘এত দিনে আমাকে পদ্ম পুরস্কার দেওয়ার জন্য সাধা হচ্ছে। অথচ আমার সমসাময়িক অনেকেই বহুদিন আগেই তা পেয়ে গেছে। আমার সঙ্গী জাভেদ আখতার পদ্মভূষণ ও পদ্মশ্রী দুটি খেতাবই পেয়েছেন। চলচ্চিত্রশিল্পে আমার অবদানের স্বীকৃতি হিসেবে পদ্মশ্রী খেতাবটি যথেষ্ট মনে হয়নি বলেই তা নিতে অস্বীকৃতি জানিয়েছি আমি।’
এদিকে সেলিম খানের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে লেখক উদয় তারা নায়ার বলেন, তাঁর চেয়ে বয়সে ছোট চলচ্চিত্রশিল্পের সঙ্গে জড়িত অনেকেই এই পুরস্কার পেয়েছেন। তাঁদের মধ্যে মাধুরী দীক্ষিত, সাইফ আলী খানসহ আরও কয়েকজন রয়েছেন। সম্ভবত বিজেপি দলের প্রতি সমর্থনের জন্যই এত দিনে সেলিম খানকে এই পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ভারত সরকার। কিন্তু সত্যিই যদি যথাযথভাবে তাঁর কাজকে স্বীকৃতি দেওয়ার ইচ্ছে তাদের থাকত, তাহলে পদ্মভূষণ কিংবা পদ্মবিভূষণ খেতাব দেওয়া হতো তাঁকে।