ডেল স্টেইনের ছোঁড়া বল ব্যাটসম্যানদের দিকে আগুনের গোলার মতোই ছুটে যায়। এবার সত্যিকারের আগুন ধেয়ে আসছে দক্ষিণ আফ্রিকার এই পেসারের বাড়ির দিকে।
মঙ্গলবার আয়ারল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ম্যাচের আগের দিন খবরটি পান স্টেইন। নিজের টুইটারে পাহাড় থেকে নেমে আসা সেই আগুনের ছবিও দেন তিনি।
টুইটারে দেওয়া ছবিটির ওপরে স্টেইন লেখেন,“স্টোনহার্স্টে আমার বাড়ির পেছনে ভীষণ আগুন! আশা করি, বাড়ি আগুনের কবলে পড়বে না।”
কেপটাউনের কাছে মুইজেনবার্গ পাহাড়ে স্টোনহার্স্ট এস্টেটে স্টেইনের বাড়ি। ফাফ ডু প্লেসির সঙ্গে ভার্নন ফিল্যান্ডার ও মর্নি মরকেলও কেপটাউনেই থাকেন।
স্টেইনের বাড়ির কাছে সম্প্রতি সম্পদ কেনেন ডু প্লেসি। নিজের টুইটারে তিনি লেখেন, “আমার নতুন বাড়ির কাছে উন্মত্ত পাহাড়ি আগুন। আশা করছি, আরও ক্ষতি করার আগেই তারা আগুন থামাতে পারবে।”
সোমবার সকালের দিকেও দক্ষিণ আফ্রিকার অগ্নি নির্বাপক কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছিল।