ছাত্রজনতা যেকোনো পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত আছে বলে মন্তব্য করেছেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান।
তিনি বলেন, ‘‘বার বার ব্যর্থ হবার পরও গণআন্দোলনকে নস্যাৎ করতে একের পর এক কুটকৌশল গ্রহণ করে যাচ্ছে অবৈধ সরকার। কিন্তু তারা সফল হবেনা। অবৈধ সরকারের সকল কুটকৌশল তাদের জন্যই বুমেরাং হবে। এদেশের ছাত্রজনতা যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত আছে।’’
রোববার ছাত্রশিবির চট্টগ্রাম অঞ্চলের দায়িত্বশীল সমাবেশে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি নূরুল আমিনের পরিচালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ইয়াছিন আরাফাত ও প্রচার সম্পাদক মনির আহমেদ।
শিবির সেক্রেটারি বলেন, ‘‘মায়াকান্না, অব্যাহত মিথ্যাচার, কিছু দলকানা গণমাধ্যম ও আইশৃঙ্খলা বাহিনীর যৌথ প্রযোজনায় নাটক, হুমকি-ধামকিসহ বিভিন্নভাবে জনতার মুক্তির আন্দোলনকে বিভ্রান্ত করতে চেয়েছে অবৈধ সরকার। কিন্তু তাতে লাভ হয়নি। এখন পুলিশের সিদ্ধান্তে সিটি কর্পোরেশন নির্বাচন দিয়ে গণআন্দোলনকে দমাতে চাইছে। জনগণ তাদের চালাকি ধরে ফেলেছে। এসব কুটকৌশলে মুক্তির আন্দোলন থেমে যাবে না বরং তা অবৈধ সরকারের জন্যই বুমেরাং হবে। গণতন্ত্র ও অধিকার আদায়ের প্রশ্নে জনগণ অবিচল রয়েছে।
দায়িত্বশীলদের উদ্দেশ্যে তিনি বলেন, অবৈধ সরকার ও তাদের সন্ত্রাসী ছাত্র সংগঠনের কাপুরুচিত অবস্থান জনগণের সামনে পরিস্কার। সুতরাং এই অপশক্তির যে কোন কুটকৌশল সম্পর্কে প্রতিটি দায়িত্বশীলকে সতর্ক থাকতে হবে। দেশ, গণতন্ত্র ও ইসলাম রক্ষার গণআন্দোলন থেকে পিছপা হওয়ার সুযোগ নেই। তবে অবশ্যই সেই গণআন্দোলন হবে অসীম সাহস, সিমাহীন ধৈর্য্য, বুদ্ধিমত্তা ও সর্বোপরি আল্লাহর উপর অবিচল আস্থার উপর ভিত্তি করে।’’