কেন্দ্রীয় ১৪ দলের একটি বৈঠক নিয়ে গণমাধ্যমে চারবার চার ধরনের তথ্য দেয়া হয়েছে। একবার তারিখ আর তিনবার পরিবর্তন করা হয়েছে বৈঠকের সময়।
গত ২৬ মার্চ আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে জানানো হয়, ২৯ মার্চ রোববার সকাল সাড়ে ১১টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের এক বৈঠক অনুষ্ঠিত হবে।
২৭ মার্চ একই ব্যক্তি স্বাক্ষরিত বিবৃতিতে ২৯ মার্চের পরিবর্তে ৩১ মার্চ বৈঠকটির তারিখ নির্ধারণ করা হয়। বৈঠকটি শুরু হওয়ার সময়েও আনা হয় পরিবর্তন। বেলা সাড়ে ১১টার পরিবর্তে সকাল ১১টায় সময় নির্ধারণ করা হয়।
২৮ মার্চ আরেক সংবাদ বিজ্ঞপিতে জানানো হয়, ১৪ দলের ৩১ মার্চের বৈঠকটি হবে সকাল সাড়ে ১০টায়।
সর্বশেষ ৩০ মার্চ রাত আটটা ৯ মিনিটে একই ব্যক্তি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৪ দলের ৩১ মার্চের বৈঠকটি সকাল সাড়ে ১০টার পরিবর্তে দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। অবশ্য সভাস্থলের কোনো পরিবর্তন করা হয়নি।