১৯৮৬ সালে নায়করাজ রাজ্জাক পরিচালিত ‘চাপাডাঙ্গার বউ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড় পর্দায় আসেন জনপ্রিয় অভিনেত্রী অরুণা বিশ্বাস। ছবিটিতে বাপ্পারাজের সঙ্গে জুটিবেঁধে অভিনয় করেছিলেন তিনি। এ ছবিতে অসাধারণ অভিনয়শৈলীর পর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। একে একে বিভিন্ন ছবিতে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তিনি। এখন পর্যন্ত ১১০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন অরুণা বিশ্বাস। এসব ছবিতে তার অভিনয় দর্শকনন্দিত হয়েছে। তবে গত কয়েক বছর ধরেই ছবিতে অনিয়মিত তিনি। গল্প, চরিত্র, নির্মাতা এসব ক্ষেত্রে ব্যাটে বলে না মেলার ফলেই দীর্ঘ একটা বিরতিতে ছিলেন অরুণা বিশ্বাস। তবে তার মধ্যেও দুবছর আগে  প্রয়াত নির্মাতা চাষী নজরুল ইসলামের ‘অন্তরঙ্গ’ ছবিতে কাজ করেছিলেন তিনি। ছবিটি আসছে শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে। তবে নতুন খবর হচ্ছে  তিন তিনটি নতুন ছবি নিয়ে এবার দর্শকদের সামনে আসছেন এ অভিনেত্রী। এরই মধ্যে ছবিগুলোতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ছবিগুলো হলো বন্ধন বিশ্বাসের ‘শূন্য’, তারেক শিকদারের ‘দাগ’ এবং হাবিবুর রহমান হাবিবের ‘রাত্রির যাত্রী’। খুব শিগগিরই এ ছবি তিনটির কাজ শুরু করবেন তিনি।  ছবিগুলোতে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা যাবে এ অভিনেত্রীকে। এ বিষয়ে অরুণা বিশ্বাস বলেন, আসলে অনেকদিন পর তিন তিনটি ছবিতে কাজ করতে যাচ্ছি। তাই ভালো লাগছে। আমি কিন্তু বেশি বেশি কাজ করতে চাই। কারণ আমার পথচলা বড় পর্দা দিয়েই। তাই নতুন কোন ছবির অফার আসলে চেষ্টা করি কাজ করতে।  তবে ছবি ও গল্পটা নিয়ে আমি বেশি ভাবি। মানের দিকটায় জোর দিই। কারণ এ পর্যায়ে এসে গড়পড়তা কাজ আর করতে চাই না। সে যাই হোক, বর্তমানে আরও কয়েকটি ছবিতে কাজ করার কথা চলছে। কিছুদিনের মধ্যেই সেগুলো চূড়ান্ত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *