images (1)‘পরীক্ষা-নিরীক্ষার’ সিরিজে শেষপর্যন্ত টানা দুই ম্যাচে বাংলাদেশের হার। প্রথম দুই ম্যাচ জয়ের কারণে সিরিজে সমতা। তাই বলা যায়, পরীক্ষার ফল ভালো করতে পারেনি স্বাগতিকরা। সবমিলিয়ে ছয় ক্রিকেটারের অভিষেক হয়েছে এই সিরিজে। যার মধ্যে শুভাগত হোমকে নিয়ে বোলার তিনজন। সিরিজ শেষে মাশরাফিকে বলতেই হলো, সেরা মুস্তাফিজুর রহমানই।

শুক্রবার সিরিজের শেষ ম্যাচে ১৮ রানে হারের পর সংবাদ সম্মেলনে মাশরাফি বলেছেন, ‘মুস্তাফিজ সব মিলিয়েই বাংলাদেশের সেরা বোলার। বিশ্বেরই সেরাদের একজন সে। তবে এই সিরিজে যারা নতুন খেলেছেন, তাদের মধ্যে রনিই ভালো।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে(বিপিএল) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বল হাতে তোপ দাগা আবু হায়দার রনি টুর্নামেন্ট শেষে জাতীয় দলের প্রথম সিরিজেই ডাক পেয়ে গেলেন। অনেকেই মনে করেছেন, রনি মুস্তাফিজের বিকল্প। এর সঙ্গে আগেই দ্বিমত পোষণ করেছেন মাশরাফি। তৃতীয় ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘মুস্তাফিজের সঙ্গে রনির তুলনা চলবে না।’

পুরো সিরিজ জুড়ে দুই ম্যাচে সুযোগ পাওয়া রনির মধ্যে ‘মুস্তাফিজ’ সুলভ পারফরম্যান্সও লক্ষ করা যায়নি। শেষ ম্যাচে তুলে নিয়েছেন একটি উইকেট। চার ওভার বোলিংয়ে খরচ করেছেন ৩৩ রান। তাই এবারেও সে কথাটাই মনে করিয়ে দিচ্ছেন অধিনায়ক।

জিম্বাবুয়ে সিরিজ শেষ হয়েছে। সামনে এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ। পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে উল্টো জিম্বাবুয়ের প্রস্তুতিটাই ভালো হলো। তারপরেও মাশরাফির সন্তুষ্টির জায়গা আছে। সেটা আল আমিন হোসেন এবং মুস্তাফিজুর রহমান। মানছেন, পুরো সিরিজ জুড়ে তাদেরকে পেলে ইতিবাচক কিছু হতে পারতো।

বলেছেন, ‘মুস্তাফিজের সঙ্গে আল আমিন যে ফর্মে আছে, সেটাও দারুণ। তাদেরকে বিশ্রাম দেওয়া হয়েছে এজন্যই যেন তারা আরও ভালোভাবে ফিট হয়ে আসুক শারীরিক ভাবে। আর আমার মনে হয় ওরা দুজন থাকলে চিত্র অন্যরকম হতে পারত।’

জানালেন, হারটা অবশ্যই হতাশাজনক। এশিয়া কাপ হতে এখনো একমাস। এর মধ্যেই কাজ করতে চান তিনি।

হারটা কখনোই কাম্য নয় উল্লেখ করে বললেন, ‘বাংলাদেশের জার্সি গায়ে হারতে কারও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। তবে একটা ব্যাপার যে সময় যেহেতু আছে, আমরা এই ব্যাপারটি কাটিয়ে উঠতে পারব। ভুলগুলো ঠিক করার চেষ্টা করব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *