Hanif+BNP_swadeshnews24দেশের জনগণের প্রতি আস্থা নেই বলেই ক্ষমতাধর দেশগুলোতে নির্বাচন এলে, বিএনপি ষড়যন্ত্রে নামে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডির দলীয় সভানেত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, সংশ্লিষ্টতা নয় বরং নাসিরনগরের হামলা ঠেকানোর ব্যর্থতার কারণেই ব্রাহ্মণবাড়িয়ার আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

কোথাও কোনো নির্বাচন হলেই বিএনপি ষড়যন্ত্র করতে থাকে মন্তব্য করেন হানিফ বলেন, ‘তারা মনে করে অমুক দল ক্ষমতায় আসলে বিএনপিকেও ক্ষমতায় নিয়ে আসবে। তারা সব সময় সেসব দেশের নির্বাচনের দিকে চেয়ে থাকে। আগ বাড়িয়ে ষড়যন্ত্রের জাল বুনতে থাকে।’

তিনি আরও বলেন, ‘যারা বিদেশি প্রভুর দিকে তাকিয়ে থাকে তারা হতাশা ছাড়া কিছুই পাবে না।’

তিনি বলেন, ‘বিএনপি একটা নীতিহীন দল, নীতিবিবর্জিত দল। তারা স্বার্থের জন্য যেকোনো মুহূর্তে নিজেদের পরিবর্তন করতে পারে।’

যুক্তরাষ্ট্রের নির্বাচন প্রসঙ্গে হানিফ বলেন, ‘যুক্তরাষ্ট্রের এই নির্বাচন থেকে আপনারাও শিক্ষা নেওয়ার চেষ্টা করুন। এটাই শিক্ষা নিন যে জনগণই সব ক্ষমতার মালিক। জনগণের বাইরে ষড়যন্ত্র করে কিছু হয় না।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ‍যুগ্ম-সাধারণ সম্পাদক দীপু মণি ও আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল, খালিদ মাহমুদ চৌধুরী ও এনামুল হক শামীম, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী এবং দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *