Commando-Shylet-1-555x290সিলেটের শিববাড়ী এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ‘আতিয়া ভিলা’ নামে বাড়িতে, জঙ্গিদের আটকের জন্য মূল অভিযান চালাচ্ছে সেনাবাহিনীর প্যারা কমান্ডো টিম। বাড়ির ভেতর থেকে থেমে থেমে বোমা ও গুলির শব্দ পাওয়া যাচ্ছে। এরআগে ‘অপারেশন টোয়াইলাইট’ নামে এই অভিযানে ভবনের বাসিন্দাদের বের করে আনা হয়েছে বলে জানা গেছে।
জঙ্গিরা ‘আতিয়া ভিলা’ নামে যে বাড়িতে অবস্থান করছে, সেখান থেকে একে একে সব বাসিন্দাদের বেলা সাড়ে ১২টার দিকে নিরাপদে বের করে আনা হয়। ৫তলা ভবনটিতে শতাধিক মানুষ ছিলেন বলে জানা গেছে। নিরাপত্তার জন্য তাদের সবাইকে একটি স্কুলে রাখা হয়েছে। পুলিশ, র‌্যাব ও সোয়াত সদস্যরা প্রায় ৩০ ঘণ্টা বাড়ি দু’টি ঘিরে রাখার পর আজ সকাল ৮টা ৪৫ মিনিটে শুরু হয় এ অভিযান।
সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আনোয়ারুল মোমেনের নেতৃত্বে অভিযান শুরু হয়। কমান্ডো দল ঘটনাস্থলে পৌঁছার পর মাইকে আশপাশের এক কিলোমিটার এলাকা থেকে লোকজনকে সরে যাওয়ার অনুরোধ জানানো হয়। বৃহস্পতিবার রাতে জঙ্গিদের আস্তানা সন্দেহে বাড়ি দুটির চারদিকে অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।
শুক্রবার ভোরে আতিয়া ভিলা নামে বাড়িটির ভেতর থেকে একটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এতে বাড়িতে জঙ্গি আছে বলে নিশ্চিত হয় তারা। পুলিশ জানায়, তিনমাস আগে কাওসার আহমেদ ও মর্জিনা নামে এক দম্পতি ‘আতিয়া ভিলা’র দোতলায় একটি ফ্ল্যাট ভাড়া নেয়। এরাই জঙ্গিবাদের সঙ্গে জড়িত বলে সন্দেহ করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *