Breaking
Fri. Jul 17th, 2026

রাজবাড়ীর পদ্মা নদীতে ট্রলার থেকে পড়ে মাঝি নিখোঁজ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে ডুবোচরে আটকে বালুবাহী ট্রলার থেকে ছিটকে পড়ে মিরাজ (৪৫) নামে এক মাঝি নিখোঁজ হয়েছেন। তার বাড়ি মাদারীপুরের শিবচর থানা এলাকায়।

আজ রোববার দুপুর ২টার দিকে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের কাওয়াজানি এলাকার পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে। দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, রাজবাড়ীর ধাওয়াপাড়া থেকে বালু নিয়ে মাদারীপুরের শিবচরে যাচ্ছিল ট্রলারটি। দেবগ্রাম ইউনিয়নের কাওয়াজানি এলাকার পদ্মা নদীর ডুবোচরে ট্রলারটি হঠাৎ আটকে যায়। এ সময় ট্রলারের মাঝি মিরাজ নৌকা থেকে ছিটকে নদীতে পড়ে যান।

স্থানীয় মাঝিরা বলেন, পদ্মা নদীর ডুবোচরে ট্রলারটি আটকে গেলে পানিতে পড়ে মিরাজ মাঝি নিখোঁজ হন। নদীতে অনেক স্রোত। আমাদের ধারণা স্রোতে ভেসে গেছেন মিরাজ। এজন্য এখনো তার সন্ধান পাওয়া যায়নি।

রাজবাড়ীর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শওকত আলী বলেন, ট্রলার থেকে পড়ে এক মাঝি নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরী দল চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *