Sylhet-Pic.-1-12.05.2014-100x61 শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে শিবির সমর্থকদের বাচাই করার অভিযোগে সোমবার ভিসিকে তিন ঘন্টা অবরুদ্ধ করে রাখে ছাত্রলীগ নেতাকর্মীরা। এই সময় মেধাবী যোগ্যদের চাকরি থেকে বঞ্চিত করার অভিযোগও করেন তারা।

ভিসিকে অবরুদ্ধ করে রাখায় সোমবার সকাল ১১ টার সিন্ডিকেট সভা নির্ধারিত সময়ে শুরু হতে পারেনি। দুই বিভাগে বাচাই করা ৫ জনের মধ্যে দুই জনকে শিবির সমর্থক দাবি করে তাদের নিয়োগ না দিতে সকাল সাড়ে দশটার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রশাসন ভবনের সামনে জড়ো হয়ে ভবনে তালা ঝুলিয়ে অবস্থান করে।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা ও কেন্দ্রীয় কমিটির সদস্য উত্তম কুমার দাশ জানান, সিন্ডিকেট সভায় রসায়ন এবং পুর ও পরিবেশ কৌশল বিভাগের শিক্ষক নিয়োগে বাচাই বোর্ডের সিদ্ধান্ত অনুমোদনের কথা রয়েছে। রসায়ন বিভাগের বাচাই বোর্ডের সুপারিশ করা সাইফুল আলম এবং পুর ও পরিবেশ কৌশল বিভাগের বাচাই বোর্ডের সুপারিশ করা আমিনুল ইসলাম কাজলের চেয়েও মেধাবীও যোগ্যরা বাদ পড়েছেন। এছাড়া এই দুই জন ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সাথে জড়িত বলেও অভিযোগ করেন তিনি।

পরে দুপুর ১২টার দিকে অবরুদ্ধ অবস্থায় উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূইয়ার সাথে দেখা করতে যান ছাত্রলীগের বিশ্বদ্যিালয় শাখার সহ সভাপতি অঞ্জন রায়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

উপাচার্যের সঙ্গে দেখা করার পর অঞ্জন রায় জানান, দুই বিভাগের নিয়োগের বিষয়টি সোমবার সিন্ডিকেট সভায় তোলা হবে না বলে স্যার আমাদের আশ্বস্ত করেছেন। তাই দুপুর দেড়টার দিকে আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করে ভবনের তালা খুলে দিয়েছি।

এদিকে ছাত্রলীগের বাধার কারণে সকাল ১১ টার নির্ধারিত সিন্ডিকেট সভা দুপুর ২ টায় শুরু হয়।

এই বিষয়ে জানতে উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূইয়ার মোবাইলে বারবার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *