মোস্তাফিজুর রহমান রুবেল, বেনাপোল প্রতিনিধি : বেনাপোল সীমান্তের পুটখালী এলাকা থেকে বুধবার বিকালে ২’শ ৩৬ বোতল ফেনসিডিলসহ দুই নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
আটকরা হলো- বেনাপোলের তালশারি গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী ফারজিনা আক্তার (২৫) ও ভবারবের গ্রামের মিলনের স্ত্রী বিলকিস (২৪)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে পুটখালী সীমান্তের মসজিদ পোস্ট এলাকা থেকে দুই নারীকে আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা প্যাকেট তল্লাশি করে ২’শ ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করে সহযোগী আরো ৩ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়েছে।
২৩ বিজিবি ব্যাটালিয়নের পুটখালি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এএসআই নূরে আলম বলেন, বিজিবি সদস্যরা ফেন্সিডিলসহ দুই নারীকে আটক করে পোর্ট থানায় সোপর্দ করেছে। এসাথে পলাতক আরো ৩ জনকে আসামী করে ৫ জনের নামে মামলা হয়েছে। আটককৃতদের বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরণ করা হবে।