রাজধানীর বিজয়নগর এলাকায় জাতীয় পার্টির অফিসের সামনের রাস্তায় চলামান দুটি প্রাইভেটকারে পেট্রলবোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে গাড়ি দুইটিতে আগুন ধরে যায়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার বিকেল ৪টা ১০ মিনিটের দিকে এ হামলার ঘটনা ঘটে। তবে স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে থাকলেও প্রাইভেটকার দুটি সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায়। শিশির নামে এক প্রত্যক্ষদর্শী জানান, ৪টা ১০ মিনিটের দিকে গলির মুখ থেকে কয়েকজন যুবক এসে পরপর দুটি প্রাইভেটকার লক্ষ্য করে পেট্রলবোমা হামলা চালিয়ে পালিয়ে যায়।
এসময় প্রাইভেটকারে থাকা ব্যক্তিরা ও চালক দ্রুত নেমে পড়েন।
এব্যাপারে যোগাযোগ করা হলে ফায়ার সার্ভিস সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এনায়েতুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পল্টন থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।