Breaking
Thu. Jul 16th, 2026

একাদশে ভর্তির ২য় দিন, অভিযোগ কমেনি

২০১৫-১৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম দ্বিতীয় দিনের মতো শুরু হয়েছে। আজ (মঙ্গলবার) সকাল ৯টা থেকে শুরু হয় ভর্তির আনুষ্ঠানিকতা চলবে বিকেল পর্যন্ত। দ্বিতীয় দিনেও ফলাফল কিংবা ভর্তি জটিলতা নিয়ে অভিযোগ কমেনি।

সকাল থেকেই ভর্তি কার্যক্রমের জটিলতার নানা অভিযোগ নিয়ে রাজধানীর বকশীবাজারে ঢাকা শিক্ষাবোর্ড কার্যালয়ে আসছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা নানা অভিযোগ নিয়ে বোর্ডের কলেজ পরিদর্শক ড. আসফাকুস সালেহীনের কাছে ধরনা দিচ্ছেন। এই রিপোর্ট লেখার সময় (সকাল সাড়ে ১০টা) সেখানে প্রায় দুই থেকে তিনশ শিক্ষার্থী ও অভিবাবক অবস্থান করছেন। সময় যত এগিয়ে যাচ্ছে অভিযোগকারীদের সংখ্যাও তত বাড়ছে।

এদিকে রাজধানীর বিভিন্ন কলেজে খোঁজ নিয়ে জানা গেছে, সকাল থেকে কলেজ প্রাঙ্গণে ভিড় জমাতে শুরু করেছেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। অনলাইন পদ্ধতির মাধ্যমে প্রথমবারের মতো এ ভর্তি কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন তারা। তবে ভর্তি ফলাফল পেতে ভোগান্তির কথাও জানালেন অনেকেই। একইসঙ্গে বিলম্ব ফি ছাড়া ভর্তির সময়সীমা কম হয়ে গেছে বলেও অভিযোগ শিক্ষার্থী ও অভিভাবকদের।

অন্যদিকে, আগামীকাল থেকে শুরু হচ্ছে একাদশ শ্রেণির ক্লাস। তবে বিলম্ব ফি ছাড়া ভর্তি কার্যক্রম চলবে ২ জুলাই পর্যন্ত। এরপর কলেজগুলোর খালি আসনের ভিত্তিতে দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হবে ৬ জুলাই। প্রথম মেধাতালিকার শিক্ষার্থীরা প্রথমে কলেজে ভর্তি হয়ে পরবর্তীতে মাইগ্রেশনের মাধ্যমে অন্য ভর্তি ভর্তি হতে পারবেন। এর জন্য ৪ জুলাইয়ের মধ্যে অনলাইনে নিজ নিজ আবেদন আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে কলেজ পরিবর্তনের সম্মতি দিতে হবে। প্রথম ও দ্বিতীয় মেধাতালিকায় স্থান না পাওয়া শিক্ষার্থীদের রিলিজ স্লিপ প্রদান করা হবে। তারা কলেজগুলোর খালি আসনের বিপরীতে অনলাইনে সর্বোচ্চ পাঁচটি প্রতিষ্ঠানের পছন্দ দিয়ে ৯ ও ১০ জুলাইয়ের মধ্যে আবেদন করবেন।

রিলিজ স্লিপের মেধাতালিকা প্রকাশ করা হবে ১১ জুলাই। আর যারা অনলাইনে আবেদন করেন নি তারা শূণ্য আসনের ভিত্তিতে কলেজে ভর্তি হতে পারবেন। তারা ১৩ থেকে ২১ জুলাইয়ের মধ্যে অনলাইনে ও মোবাইলে এসএসএসের মাধ্যমে আবেদন করবেন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *