aqib-jugantor_20678_1469882806পেস আক্রমণে খুব ভালো একটা অবস্থানে ছিল না বাংলাদেশ। বিশ্বক্রিকেটে ওয়াসিম আকরাম, ইমরান খান, চামিন্ডা ভাস, জহির খান, ব্রেট লি, শোয়েব আখতাররা যখন গতির ঝড় তুলতেন তখন বাংলাদেশে বোলিংয়ে প্রাধান্য ছিল স্পিনারদের।
স্পিনাররাই বাংলাদেশের ক্রিকেটে মূল ভরসা ছিল। অনেক সিরিজেই স্পিন সহায়ক উইকেট তৈরি করা হতো।
কিন্তু সময় বদলেছে। বাংলাদেশ এখন একটি পুরোদস্তুর পেস নির্ভর দল। এই দলে একই সঙ্গে চারজন পেসার বল করছেন। রয়েছেন তাসকিন, রুবেলের মতো গতি তারকা। আর সঙ্গে রয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।
আর পুরো এই পেস বোলিংটাকে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বলতে গেলে বাংলাদেশ ক্রিকেট বোলিংয়ে পেস আক্রমণকে নতুন রূপ দেন মাশরাফি। কিন্তু বার বার ইনজুরির কারণে বোলিংয়ে গতি কমিয়ে দিয়েছেন দেশসেরা এই পেসার।
তবে মাশরাফিই যে পুরো দেশের তরুণ প্রজন্মের আদর্শ সে কথা অবশ্যই বলতে হবে। মাশরাফির দেখানো পথেই তো আজকের তাসকিন, রুবেল, আল-আমিনরা।
বাংলাদেশের এই পেস আক্রমণের প্রশংসা করলেন পাকিস্তানের সাবেক পেসার আকিব জাভেদ। শুক্রবার বাংলাদেশে এসেছেন তিনি।
ফাস্ট বোলারদের জন্য এক সপ্তাহের ক্যাম্প পরিচালনা করবেন তিনি। ক্যাম্পে বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) কার্যক্রমের অধীনে থাকা পেসাররা ছাড়াও জাতীয় দলের ফাস্ট বোলাররাও অংশ নেবেন।
মিরপুর একাডেমিতে শনিবার থেকে শুরু হয়েছে এ ক্যাম্প। চলবে ৫ আগস্ট পর্যন্ত। ক্যাম্পের জন্য জাতীয় দলের নয়জন এবং এইচপির ১৭ জন পেসার ডাক পেয়েছেন।
বাংলাদেশের বোলিং কোচ হিথ স্ট্রিক চলে যাওয়ার পর আকিব জাভেদকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দিতে চেয়েছিল বিসিবি। কিন্তু তিনি সেই প্রস্তাবে রাজি হননি। দীর্ঘমেয়াদী কোচিংয়ের পরিকল্পনা তার নেই বলে জানিয়েছিলেন।
শনিবার সাংবাদিকদের মুখোমুখি হন আকিব। বলেন, আগে বাংলাদেশে আদর্শ কোনো ফাস্ট বোলার ছিল না। এখন তাসকিন, রুবেল, মুস্তাফিজরা ভালো করছে। এদের দেখানো পথে হেঁটে বাংলাদেশেও ভালো মানের পেসার তৈরি হবে।

সংযুক্ত আরব আমিরাতের সাবেক এই কোচ বলেন, এখন বাংলাদেশে ভালো পেসার আছে। তার জোরে বল করে দেখিয়ে দিয়েছে। এটা শুরু মাত্র। আমাদেরও এমন ছিল। কিন্তু যখন আদর্শ হিসেবে ইমরান খান এলেন, আমাদের আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

বিসিবির হাই পারফরম্যান্সের কার্যক্রম নিয়ে আকিব বলেন, আমাকে তো প্রথম থেকে শুরু করতে হবে না। ছয়দিন খুব কম সময়ও না। বোলিংয়ে ভালো করার নির্দিষ্ট কিছু প্রক্রিয়া আছে। আমি এই সময়ে বোলারদের এসব প্রক্রিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দেব। যাতে করে তারা তাদের বোলিংয়ে গতি বাড়াতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *