দক্ষিণী সিনেমার তারকা নায়িকা বিয়ের নয়নতারা বিয়ের চার মাস পর যমজ সন্তানের মা হয়েছেন। গত ৯ অক্টোবর নিজের ইনস্টাগ্রামে দুই পুত্রসন্তানের ছবি পোস্ট করে এ ঘোষণা দেন নয়নতারার স্বামী বিগনেশ শিবান। এরপর বিষয়টি নিয়ে সর্বমহলে ঝড় ওঠে। প্রশ্ন ওঠে, বিয়ের চার মাস পার না হতেই কীভাবে সন্তানের জন্ম দিলেন এই দম্পতি? আর এ নিয়েই শুরু বিতর্ক।
এদিকে সন্তান জন্ম দেয়ার আগে নয়নতারার মধ্যে মাতৃত্বের কোনো লক্ষণ দেখা যায়নি। তাই অনেকেই ধারণা করছেন তিনি সারোগেসির মাধ্যমে মা হয়েছেন। যা ইতোমধ্যে চলতি বছর জানুয়ারি মাস থেকে ভারতে নিষিদ্ধ ঘোষিত হয়েছে। যে টাকার বিনিময়ে গর্ভধারণ বা কমার্শিয়াল সারোগেসি করা যাবে না।
তবে ভারতীয় আইন সারোগেসি (রেগুলেশন) অ্যাক্ট, ২০২১ অনুযায়ী, বিয়ের পর অন্তত পক্ষে ৫ বছর কাটলে তবেই কোনো দম্পতি সারোগেসির আবেদন করতে পারেন। আর যে নারী সন্তানের জন্ম দেবেন, তাকেও সেই দম্পতির কাছে আত্মীয় হতে হবে। এদিকে নয়নতারার মা হওয়ার পর বিষয়টি তদন্ত করার জন্য তামিলনাড়ুর স্বাস্থ্য মন্ত্রণালয় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে।
তদন্ত করতে নেমে তদন্ত কমিটি জানতে পারেন, চার মাস নয়, কয়েক বছর আগে বিয়ে করেছেন নয়নতারা ও বিগনেশ। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ছয় বছর আগে রেজিস্ট্রি বিয়ে সেরে রেখেছিলেন নয়নতারা-বিগনেশ। সেই বিয়ের যাবতীয় কাগজ-পত্র তদন্ত কমিটির কাছে জমা দিয়েছেন এই দম্পতি। আর যে নারী তাদের সন্তানের জন্ম দিয়েছেন তিনি নয়নতারার আত্মীয়।
তদন্ত কমিটি জানায়, যেহেতু নয়নতারা সমস্ত শর্ত মেনে সন্তানের মা হয়েছেন। তাই তিনি কোনোভাবেই আইনের আওতায় পড়বেন না।
