Breaking
Wed. Jul 22nd, 2026

ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামে মাহবুবুল হক নামের একজন স্থানীয় পোস্টমাস্টারকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গতকাল শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা গেছেন। মাহবুবুল হক (৫৫) স্থানীয় মমতাজ মিয়ার হাট ডাকঘরের পোস্টমাস্টার।

নাম প্রকাশ না করে কয়েকজন এলাকাবাসী জানান, রাত দুইটার দিকে কয়েক ব্যক্তি মাহবুবুল হককে ঘর থেকে ডেকে বাইরে নিয়ে যায়। পরে তাঁকে নিজ বাড়ির পাশে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায় ও গুলি করে। এ সময় মাহবুবুলের চিত্কারে স্থানীয় লোকজন এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এলাকাবাসী তাঁকে উদ্ধার করে রাতেই ফেনী সদর হাসপাতালে পাঠায়। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গতকাল রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোশাররফ হোসেন বলেন, পরিবারের অন্য সদস্যরা আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ায় ঘটনার রাতে মাহবুবুল হক ছাড়া ঘরে অন্য কেউ ছিলেন না।

ধলিয়া ইউপি চেয়ারম্যান জাকির হোসেন পোস্টমাস্টার মাহবুবুল হকের নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ জানান, ঘটনাটি তিনি শুনেছেন। ঘটনা তদন্তে পুলিশ পাঠানো হয়েছে।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *