অঘটন না ঘটলে বিশ্বকাপ জমে না-শেখ মো. আসলাম

aslam-worldcupব্রাজিল বা আর্জেন্টিনা কোনো দলেরই সাপোর্টার নন সাবেক তারকা ফুটবলার শেখ মো. আসলাম। তার প্রিয় দল স্পেন। ফাইনালে পছন্দের দল স্পেনকে দেখতে চান তিনি। তবে হোম গ্রাউন্ডের অ্যাডভান্টেজ ব্রাজিলকে এগিয়ে রাখবে ফাইনালের পথে, এমনটাই বিশ্বাস সাবেক এ তারকা ফুটবলারের।
বাংলাদেশের বেশিরভাগ ফুটবল ফ্যানই ব্রাজিল অথবা আর্জেন্টিনার সাপোর্টার। এবারের বিশ্বকাপে আপনার পছন্দের দল কোনটি- জানতে চাইলে আসলাম বলেছেন, ‘ব্রাজিল বা আর্জেন্টিনা, কোনোটিই আমার পছন্দের দল না। আমার পছন্দের দল স্পেন। তাদের ‘টিকিটাকা’ ফুটবল আমার কাছে অসাধারণ মনে হয়। তাদের এই স্টাইলের দারুণ ভক্ত আমি। চমৎকার পজিশনাল ফুটবল খেলে তারা। তাদের খেলার সঙ্গে তাল মেলাতে পারে না অন্য দলগুলো। ফাইনালে স্পেনের প্রতিপক্ষ হতে পারে ব্রাজিল।’
ফাইনালে স্পেনের প্রতিপক্ষ হিসেবে ব্রাজিলই কেন? তাদের কোন বিশেষ দিকটি দেখে আপনার মনে হয়েছে যে তারা ফাইনালে পৌছতে পারে? আসলামের জবাব, ‘নিজেদের মাটিতে খেলছে তারা। হোম গ্রাউন্ড অ্যাডভান্টেজই তাদের বহুলাংশে এগিয়ে রাখবে অন্যদের চেয়ে। তবে কোনো কারণে যদি তারা ফাইনালে যেতে ব্যর্থ হয়, তবে সেখানে পেঁৗছার ক্ষমতা রাখে জার্মানি বা ইংল্যান্ড।’
কাগজে-কলমের হিসাব আর মাঠের পারফরম্যান্সের হিসাব সব সময় এক হয় না, যে কারণে অনেক ছোট দলই ঘটাবে অঘটন। এই যেমন শনিবার রাতে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়েকে হারিয়ে দিয়েছে কোস্টারিকা। আসলামের মতে, এরকম দু-একটি অঘটন না ঘটলে বিশ্বকাপ ঠিক জমে ওঠে না। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘বিশ্বকাপ মানেই আপসেট কিছু রেজাল্ট। তা না হলে ঠিক জমে না। আমার মনে হয়, এবার ইউরোপের যেসব দেশ প্রথমবারের মতো বিশ্বকাপের মূলপর্বে খেলবে, তারাই ঘটাতে পারে অঘটন।’
ইতোমধ্যেই নিজ নিজ পারফরম্যান্সে সবার নজর কাড়তে সমর্থ হয়েছেন ব্রাজিলের নেইমার, নেদারল্যান্ডসের আরিয়েন রোবেন, রবিন ফন পার্সিরা। মাঠে নামার আপেক্ষায় আছেন সময়ের দুই সেরা তারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো। ব্যক্তিগত নৈপুণ্যে বিশ্বকাপ মাতাতে পারেন কে- জানতে চাইলে আসলাম বলেছেন, ‘ব্যক্তিগতভাবে ভালো ফুটবল খেলবে অনেকেই। তবে এখন সবচেয়ে ভালো ফর্মে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বিশ্বকাপেও সে এই ফর্ম ধরে রাখতে সচেষ্ট হবে। লিওনেল মেসি একটু অফ ফর্মে থাকায় বিশ্বকাপে নিজেকে প্রমাণে মরিয়া হবে। চেনা পরিবেশে নেইমারও চাইবে নজরকাড়া কিছু একটা করার। আশা করি, সে আশাহত করবে না। প্রথম ম্যাচে তার প্রমাণও দিয়েছে ছেলেটা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *